ভাগ্যটাও লাগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকান গলফার গ্যারি প্লেয়ারের একটা অমর উক্তি আছে, ‘দ্য মোর আই প্র্যাকটিস দ্য মোর আই গেট লাকিয়ার’। হারতে হারতে জিতে যাওয়ার ঘটনা তাঁর ক্যারিয়ারে এত বেশি ঘটেছে যে, ‘লাকি’ শব্দটা নামের সমার্থক হয়ে গিয়েছিল! গ্যারি প্লেয়ার একটু বিরক্ত হয়েই সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন, শুধু ভাগ্যের সাম্পানে চড়ে তাঁর এত সব সাফল্য আসেনি। এর মূলে আছে কঠোর অনুশীলন।বাংলায়ও এ রকমই একটা প্রবাদ আছে—পরিশ্রম সৌভাগ্যের বসতি। জীবনে যেমন, তেমনি খেলাতেও শুধু ভাগ্যের ওপর ভরসা করে কিছু পাওয়া যায় না। ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে রিচি বেনোর অমর উক্তিটাও মনে পড়ছে, ‘অধিনায়কত্ব ৯০ ভাগই ভাগ্য, আর ১০ ভাগ দক্ষতা। তবে দোহাই লাগে, ওই ১০ ভাগ না থাকলে এটি চেষ্টা করতে যেয়ো না।’ভাগ্য নিয়ে এত কথা মনে হচ্ছে মারলন স্যামুয়েলসের ইনিংসটা দেখে। ভাগ্যেই সব হয় না, তবে ক্রিকেটে ভাগ্যটা বোধ হয় অন্য যেকোনো খেলার চেয়ে একটু বেশিই গুরুত্বপূর্ণ। প্রমাণ হিসেবে স্যামুয়েলসের ২৬০ রানের ইনিংসটার কথাই ভাবুন না। সকালে রুবেল তাঁকে নাচিয়ে ছেড়েছেন। লাঞ্চের পর প্রথম বলেই এলবিডব্লুটা না পাওয়াও ছিল অন্যায়। দুটি ‘লাইফ’ও পেয়েছেন। তবে সৌভাগ্য যে, এদিন স্যামুয়েলসের ব্যাটে অদৃশ্য স্টিকার হয়ে ছিল, সেটি সবচেয়ে বড় প্রমাণ এর কোনোটিই নয়। বড় প্রমাণ—সাকিবের বল গড়িয়ে গিয়ে স্টাম্পে লাগার পরও বেল পড়ল না!মনে পড়ে গেল, ১৪ বছর আগে এমনই একটা ঘটনায় খুব খুশি হয়েছিলাম। ১৯৯৮ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে ভারতে গেছি। দুই দলে প্রিয় দুই ব্যাটসম্যান মোহাম্মদ আজহারউদ্দিন ও মার্ক ওয়াহর বড় দুটি ইনিংস দেখার স্বপ্ন চোখে। কলকাতায় আজহারউদ্দিন চাওয়াটা মিটিয়ে দিলেন। বেঙ্গালুরুতে পরের টেস্টে মার্ক ওয়াহও। তাতে আমি যতটা খুশি হয়েছিলাম, ততটাই মন খারাপ করেছিলেন ভেঙ্কটপতি রাজু। রাজু যে সেখানে ‘সাকিব’। মার্ক ওয়াহর ইনিংসের শুরুতেই ভারতীয় বাঁহাতি স্পিনারের একটা বল ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্পে লাগলেও বেল পড়েনি।‘গুগল’ নামে আশ্চর্য এক আলাদিনের প্রদীপ উপহার দিয়েছে ইন্টারনেট। যা জানতে চান, সঙ্গে সঙ্গে তা হাতের মুঠোয়। কালই যেমন স্যামুয়েলসের ওই দৈবক্রমে বেঁচে যাওয়ার পর গুগলে সার্চ দিলাম। কী আশ্চর্য, কী একটা ওয়েবসাইটে কে যেন টেস্ট ইতিহাসে এমন সব ঘটনার একটা তালিকা করে রেখেছেন! সেই তালিকায় বল স্টাম্পে লাগার পরও বেল না পড়ার ১৬টি ঘটনা দেওয়া আছে। প্রথমটি প্রায় ৯০ বছর আগের। সেখানে দুর্ভাগা দক্ষিণ আফ্রিকার আলফ হল, সৌভাগ্যবান ব্যাটসম্যান ইংল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি ফ্র্যাঙ্ক উলি। এ ধরনের তালিকা সম্পূর্ণ হওয়া কঠিন। এখানেই যেমন নিজের চোখে দেখা মার্ক ওয়াহ ও রাজুর ঘটনাটিই নেই।তালিকায় দেখা যাচ্ছে, হার্বার্ট সাটক্লিফ, লেন হাটন, নরম্যান ও’নিলের মতো ক্রিকেটের বিখ্যাত সব ব্যাটসম্যান এই সৌভাগ্যের ছোঁয়া পেয়েছেন। সব যে স্পিনারের বলে, তা-ও নয়। হাটনের ক্ষেত্রেই যেমন বোলার ছিলেন তাঁর সময়ে অস্ট্রেলিয়ার অন্যতম দ্রুততম আর্নি ম্যাককরমিক।সবচেয়ে মজার ঘটনাটা অবশ্য বেশি দিন আগের নয়। ১৯৯৭-৯৮ সিরিজের ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদের বল অফ আর মিডল স্টাম্পের মাঝখান দিয়ে চলে গিয়েছিল! প্যাট সিমকক্সের কপাল বলতে হবে! বিশ্বাস করতে না চাইলে ইউটিউবে গিয়ে আপনি এটা দেখে নিতে পারেন। ওহো, ইউটিউব তো এখন বাংলাদেশে নিষিদ্ধ। ঠিক আছে, কোনো এক দিন তো নিশ্চয়ই এই নিষেধাজ্ঞার অবসান হবে। একটু না-হয় অপেক্ষাই করুন।ক্রিকেট আসলে বিস্ময় উপহার দিতে ভালোবাসে। স্পিনারের বল গড়িয়ে গড়িয়ে স্টাম্পে লাগলে বেল না-ই পড়তে পারে। কিন্তু ডেল স্টেইনের বল স্টাম্পে লাগার পরও বেল তার জায়গায় অনড় থাকবে, এটাকে অবিশ্বাস্য না বললে আর কোনটিকে বলবেন! এটা তো টেলিভিশনে নিজের চোখেই দেখা। গত বছরের জানুয়ারিতে কেপটাউন টেস্টে স্টেইনের বল স্টাম্পে লেগে উইকেটকিপারের হাতে গেল। হরভজন সিং পেছনে আওয়াজটা ঠিকই পেয়েছিলেন। ড্রেসিংরুমে রওনা দিতে গিয়ে দেখেন, বেল পড়েনি! স্টাম্পে বল লেগেও বেল না পড়ার বিখ্যাত একটা ঘটনা তো বাংলাদেশের ক্রিকেটেও আছে। সেটি অবশ্য ওয়ানডেতে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে অভিষিক্ত ক্রিস ট্রেমলেটের হ্যাটট্রিক বলটা মোহাম্মদ আশরাফুলের স্টাম্পে লেগেও বেল ফেলতে পারেনি। সৌভাগ্যের এই ছোঁয়া পেয়ে আশরাফুল যা করেছিলেন, সেটির তুল্য কিছু বাংলাদেশের ক্রিকেট এখনো দেখেনি। কোথায় শূন্য রানে আউট হয়ে যান, সেখানে স্ট্রোক প্লেতে মাঠ আলো করে আশরাফুল করলেন ৫২ বলে ৯৪!ওই যে বললাম, ক্রিকেটে ভাগ্যটাও লাগে!