ভাগ্যদেবী যখন ‘পাকিস্তানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাগ্যদেবী’ বলে কি কেউ আছেন? সাধারণত লেখালেখির ক্ষেত্রে ভাষায় কেতা আনার জন্য এই ভাগ্যদেবী বলে একটি চরিত্রের অবতারণা করা হয়। তর্কের খাতিরে যদি এই ভাগ্যদেবীর ব্যাপারটি ধরেও নিই তাহলে বলতে হবে, ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটের সময় এই ভাগ্যদেবী হঠাত্ই ‘পাকিস্তানি’ হয়ে গিয়েছিলেন। নয়তো সে বছরের বিশ্বকাপের শিরোপাটা পাকিস্তানের হবে কেন? পাকিস্তানি ক্রিকেটের সমর্থকেরা এই কথাগুলো শোনার পর তেলেবেগুনে জ্বলে উঠতে পারেন। বলতে পারেন, পাকিস্তান বিশ্বকাপ জিতল কীভাবে—এই কথাটার মানে কী? যোগ্যতর দল হিসেবেই সেবার বিশ্বকাপের শিরোপাটা পাকিস্তানের ঘরে গেছে। হ্যাঁ, যোগ্যতার সঙ্গেই হয়তো বিশ্বকাপের শিরোপাটা পাকিস্তানের ঘরে গেছে, কিন্তু পাকিস্তানের তো সেবার বিশ্বকাপ শিরোপার লড়াইয়েই থাকার কথা ছিল না। অনেক কয়টা ‘যদি’ ও ‘কিন্তু’ একই সমীকরণে মিলে যাওয়াতেই তো পাকিস্তানের বিশ্বকাপের লড়াইয়ে থাকা সম্ভব হয়েছে। সেমিফাইনালের লড়াইয়ে যোগ্যতা অর্জন পর্যন্ত এর আগে আর কোনো দেশকে কোনো খেলায় এত ‘যদি’ আর ‘তবে’র মোকাবিলা করতে হয়েছে কি না, তা ঘেঁটে বের করা সত্যিই পরিসংখ্যানবিদদের কঠিনতম এক পরীক্ষা হতে পারে।সেবার বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ছিল তথৈবচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ উইকেটে হার। রমিজ রাজার শম্বুকগতির সেঞ্চুরি প্রথমে ব্যাট করেও পাকিস্তানের সংগ্রহটাকে ২০২ রানের বেশি নিতে দেয়নি। জবাবে ব্রায়ান লারার অনবদ্য ব্যাটিংয়ে এই সুবিশাল পরাজয়টিই কেবল সঙ্গী হয়েছিল। এরপর দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছাড়া রবিন লিগ পদ্ধতির সেই প্রতিযোগিতায় একে একে ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় পাকিস্তানকে নিয়ে গিয়েছিল খাদের একেবারে কিনারায়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৭৪ রানে অলআউট হয়ে পাকিস্তান যখন বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ক্ষণ গুনছে, ঠিক তখনই সেই ‘ভাগ্যদেবী’ দলটার দিকে মুখ ফিরে তাকালো। নিশ্চিত বিজয় তরান্বিত করতে গ্রাহাম গুচের ইংল্যান্ড যখন সেই ৭৪ রান তাড়া করতে নামলো, তখনই বৃষ্টি ধুইয়ে দিল পাকিস্তানের সব মন্দ ভাগ্য। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নিশ্চিত বিদায় হতে গিয়েও হল না ইমরান খান বাহিনীর। ভাগ্যের সাহায্য পেয়ে খাদের কিনারে থাকা দলটিই পরবর্তী সময়ে উজ্জীবিত হয়ে ওঠে একে একে পরাজিত করল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ‘শম্বুক’ রমিজ রাজাই সেঞ্চুরি করে দলকে টেনে নিয়ে গেলেন। এর পরই চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার হাতে নিজেদের সঁপে দিয়ে পাকিস্তান অপেক্ষা করতে লাগল রবিন লিগের শেষ ম্যাচ ওয়েস্টইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যকার খেলার ফলাফলের দিকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলেই লাহোরের বিমান ধরতে হতো পাকিস্তানিদের। কিন্তু কি আশ্চর্য ! সেই ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়ে দিল ক্যারিবীয়দের। পাকিস্তান চলে গেল সেমিফাইনালে।সেমিফাইনালে অকল্যান্ডে চরম নাটকীয়তায় ভরা এক ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইনজামাম-উল-হক নামের এক তরুণের ব্যাটে ভর করে পাকিস্তান পৌঁছে গেল একেবারে শিরোপার লড়াইয়ে। রক্তের স্বাদ একবার পেয়ে যাওয়া বাঘকে কি আর নরমাংস থেকে বঞ্চিত করা চলে? সৌভাগ্যের চাবিকাঠি যে দল একবার পেয়ে যায়, তাঁকে কি আর তা থেকে বঞ্চিত করা চলে? সেই হিসেবেই ইংল্যান্ডকে ২২ রানে পরাজিত করে ইমরান খান প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেললেন পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে। একে রূপকথা বলবেন না তো রূপকথা বলবেন কাকে?‘ভাগ্যদেবী’ বলে সেই চরিত্রটি সত্যিই সে সময় পাকিস্তানি হয়ে গিয়েছিলেন। ভাগ্যের ব্যাপারটি বিশ্বাস করেন পাকিস্তানের হয়ে সেবার বিশ্বকাপ জেতা অনেক খেলোয়াড়ই। জাভেদ মিয়াঁদাদ তাঁর বিখ্যাত ‘কাটিং এইজ’ বইয়ে পুরো ব্যাপারটিকেই ‘ওপরওয়ালার ইচ্ছা’ বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘ওপরওয়ালা সত্যিই সেবার বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হোক, তা চেয়েছিলেন। নয়তো, ইংল্যান্ডের বিপক্ষে রবিন লিগের ম্যাচটিতে ৭৪ রানে অলআউট হওয়ার পরও কেন তা বৃষ্টিতে পরিত্যক্ত হবে। ওই ম্যাচটিতে তো পাকিস্তানের জেতারই কথা ছিল না।ইমরান খান ছিলেন ভাগ্যের বরপুত্র। সঙ্গে পেয়েছিলেন ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ, আকিব জাভেদ, আমির সোহেল, রমিজ রাজা, ইনজামাম-উল-হক, সেলিম মালিক, মঈন খান, ইজাজ আহমেদ, মুশতাক আহমেদ, জাহিদ ফজল, ওয়াসিম হায়দার, ইকবাল সিকান্দারের মতো একাধারে একদল অসাধারণ প্রতিভাবান ও অভিজ্ঞ ক্রিকেটারকে। রবিন লিগ পর্যায়ে পাকিস্তানের জন্য আবশ্যিক জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কি দুর্দান্তই না বল করেছিলেন আকিব জাভেদ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিত পরাজয়কে চোখ মেলে দেখতে থাকার সময় সে সময়কার তরুণ-তুর্কি ইনজামাম-উল-হক কি অসাধারণ ক্যারিশমা দেখিয়েই না ৩৭ বলে মারকুটে ৬০ রান করলেন। অবিচল দৃঢ়তায় পুরো প্রতিযোগিতায় জাভেদ মিয়াঁদাদ খেলে গেলেন একের পর এক দুর্দান্ত সব ইনিংস। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে এই মিয়াঁদাদ পেটে ব্যথা নিয়ে খেললেন অতিমানবীয় ইনিংস। ইমরান দেশকে বিশ্বকাপ জেতাতেই জীবনের শেষ ম্যাচে খেললেন ৭২ রানের ইনিংস। ইনজামাম ৪২ রান করে পাকিস্তানকে এগিয়ে রাখলেন বিশ্বকাপ জয়ের পথে এক ধাপ। বাকি কাজটা সারলেন সর্বকালের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ইয়ান বোথামকে দিয়ে শুরু করলেন। মাঝে পরপর দুটো ইতিহাস গড়া বলে আউট করলেন অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসকে। একটা সময় অবাক নেত্রে বিশ্ববাসী অবলোকন করল বিশ্বকাপ জিতে নিয়েছে শুরুর দিকে ধুঁকতে থাকা সমন্বয়হীন সেই দলটিই। কোচ ইন্তিখাব আলম দেখিয়ে দিলেন, বাজির ঘোড়া ‘অলওয়েজ আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান দলের জন্য ইতিহাস গড়া কতটা সোজা!অনেকে বলেন, এই পর্যন্ত অনুষ্ঠিত নয়টি বিশ্বকাপের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তা ও নাটকীয়তায় পরিপূর্ণ আসর ছিল বিরানব্বইয়ের আসরটিই। সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে থেকে ইমরান-মিয়াঁদাদ-রমিজ-আকরাম-ইনজামাম-মঈন-সেলিম মালিকরা করে তুলেছিলেন পুরো বিশ্বকাপটিই ‘পাকিস্তানময়’।