ভাগ্যদেবীর সহায়তা চান মরিনহো!
এবার ভাগ্যদেবীর একটু সহায়তা চান রিয়াল কোচ হোসে মরিনহো। এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিতে তিনবার কোচ হয়ে দলকে ফাইনালে তুলতে পারেননি তিনি। এবার সেমির বৈতরণীটা পার হওয়ার জন্য তাই মরিনহোর প্রার্থনা।২০০৫ ও ২০০৭ সালে মারিনহো কোচ হিসেবে চেলসিকে ফাইনালে তুলতে পারেননি। গত মৌসুমে রিয়ালের কোচ হয়েও তিনি ঠেকে যান বার্সেলোনার শক্তিমত্তার কাছে। যদিও গত বছর বার্সেলোনার কাছে হেরে তিনি রিয়ালের বিপক্ষে উয়েফার ষড়যন্ত্রের ধোঁয়া তুলেছিলেন।এবারও কি মরিনহো ব্যর্থ হবেন দলকে ফাইনালে তুলতে? মিউনিখে প্রথম লেগে বায়ার্নের কাছে ২-১ গোলে হেরে কিন্তু ফাইনাল যাত্রায় কিছুটা অনিশ্চয়তাই তৈরি হয়েছে। মরিনহোর মনের মধ্যেও ব্যাপারটি নিয়ে রয়েছে দারুণ অস্বস্তি।‘সাধারণত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ভাগ্যদেবী আমার সহায় থাকে না।’ রিয়াল বসের সোজা-সাপ্টা উত্তর। মরিনহো জানিয়েছেন তিনি চ্যাম্পিয়ন লিগের অপর সেমিফাইনালটি নিয়ে খুব আগ্রহী ছিলেন। এবং চেলসি ফাইনালে ওঠায় তাঁর অনুভূতিটা ফুরফুরে। ‘সাধারণত অপর সেমিফাইনালটি যদি এসি মিলান বনাম আর্সেনাল কিংবা আর্সেনাল বনাম বার্সেলোনা হতো তাহলে ওই ম্যাচটি হয়তো আমি দেখতামই না। কিন্তু বার্সেলোনার প্রতিপক্ষ চেলসি বলেই ম্যাচটির ব্যাপারে আমার আগ্রহের মাত্রা অন্য রকম।’ মরিনহোর অভিমত।সেমির দ্বিতীয় লেগে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে হোসে মরিনহোর পুরোনো দল চেলসি উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ম্যাচের আগে অবশ্য মারিনহো তাঁর পুরোনো শিষ্যদেরই সৌভাগ্য কামনা করেছিলেন। বলেছিলেন, ‘খুব খুশি হব যদি ভাগ্য চেলসির পক্ষে কথা বলে।’গত শনিবার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে দেওয়ার পর ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপা একরকম ছুঁয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই অসাধারণ সাফল্যের ভাগীদার হোসে মরিনহো নাকি মৌসুম শেষেই অন্য ঠিকানা খুঁজবেন। এমন একটি খবর চাউর হয়েছে সাম্প্রতিক সময়ে। তবে বিষয়টিতে গুজব হিসেবেই মনে করছেন হোসে মরিনহো। বলেছেন, ‘কথাবার্তা যা-ই ছড়াক, আমি আগামী মৌসুমেও রিয়ালের কোচ হিসেবে থেকে যেতে চাই।’ তাঁর মতে, ‘আমার চুক্তি এখনো শেষ হয়ে যায়নি। কোনো ক্লাবের কোচ হলে সেই কোচকে কমপক্ষে চার-পাঁচ বছর সময় দেওয়া উচিত। তারপরেও মরিনহো বলেছেন, মৌসুম শেষেই রিয়ালের কর্তা-ব্যক্তিদের সঙ্গে বসে চুক্তির ব্যাপারটি নিয়ে আলোচনা করব।’বায়ার্ন মিউনিখের সঙ্গে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে খেলতে নামার আগে রিয়ালের বেশ কয়েকজন খেলোয়াড় হলুদ কার্ডের খাড়ায় রয়েছেন। সার্জিও র্যামোস, জাবি আলোনসো, ফ্যাবিও কুয়েনত্রাও ও গঞ্জালো হিগুয়েইনের মতো খেলোয়াড়েরা আর একটি মাত্র কার্ড খেলেই মিস করবেন চ্যাম্পিয়নস লিগের পরবর্তী খেলা (যদি রিয়াল সেমিতে বায়ার্ন মিউনিখের বাধাটা ডিঙাতে পারে।) তবে এসব নিয়ে ভাবতে রাজি নন হোসে মরিনহো। বলেছেন, আগে সেমিফাইনালটা শেষ হোক এরপর পুরো ব্যাপারটি নিয়ে ভাবা যাবে। এ কথা বলতে বলতে রেফারিং নিয়ে মরিনহোর মুখ দিয়ে বেরিয়ে এসেছে সতর্ক মন্তব্য। তিনি বলেছেন, ‘আমি আশা করব রেফারিরা যত্নশীল ও দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন। যে হলুদ কার্ডটি এড়ানো যায়, তা এড়িয়ে যাবেন।’ম্যাচ নিয়ে মরিনহো আশাবাদী। বলেছেন, খেলোয়াড়েরা নিজেদের সেরা পারফরম্যান্সই দেবে মাঠে। বায়ার্নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ওদের সর্বোচ্চটাই উজাড় করে দিতে হবে।’ ওয়েবসাইট।