ভাগ্যবতী সায়নায় উচ্ছ্বসিত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কিছু না হোক অলিম্পিকের পদক বলে কথা! সে ব্রোঞ্জ হোক বা যা-ই হোক। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ভারতীয়রা। এই উচ্ছ্বাসে কাল ঢাকা পড়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ বিজয়ের সাফল্যও। সায়না নেহওয়াল এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যমের মধ্যমণি।অলিম্পিক ব্যাডমিন্টনে সায়নার এই ব্রোঞ্জ জয়ে অবশ্য ভাগ্যের অবদান সবচেয়ে বেশি। সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর কাল ব্রোঞ্জের লড়াইয়ে সায়না মুখোমুখি হয়েছিলেন চীনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ওয়াং জেনের। ম্যাচে একটা পর্যায়ে ওয়াং জেন এগিয়ে ছিলেন ২১-১৮ ও ১-০ গেমে। কিন্তু ওই সময়ে জেনের পায়ের চোট তাঁকে আর কোর্টে থাকতে দেয়নি। অসমাপ্ত খেলায় সায়না নেহওয়ালকে বিজয়ী ঘোষণা করা হয়। নেহওয়াল ভারতের পক্ষে এবারের অলিম্পিকে জিতে নেন তৃতীয় পদক। এর আগে শুটিংয়ের পিস্তল প্রতিযোগিতায় বিজয় কুমার রুপা ও এয়ার রাইফেলে গগন নারাং ব্রোঞ্জ জেতেন। অলিম্পিকে অংশগ্রহণের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি পদক জিতল ভারত।অলিম্পিক-সাফল্যে কাল গণমাধ্যমের পুরো লাইম লাইটই ছিল সায়নার ওপর। সাধারণ খেলাধুলার ক্ষেত্রে লাইম লাইটের প্রায় পুরোটাই ভোগ করে ভারতীয় ক্রিকেট দল। কাল মহেন্দ্র সিং ধোনির বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও তা স্থান পেয়েছে ভেতরের পাতায়। শীর্ষ পত্রপত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় নিজের সাফল্য দিয়ে স্থান করে নিয়েছেন সায়না নেহওয়াল।ভারতের সবচেয়ে বড় সেলিব্রেটি ক্রীড়াবিদ শচীন টেন্ডুলকার নিজের এক টুইটার বার্তায় অভিনন্দন জানিয়েছেন সায়নাকে। তিনি লিখেছেন, ‘দারুণ পারফরম্যান্স। দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে অলিম্পিক পদকের জন্য সায়নাকে আমার অভিনন্দন। অভিনন্দন জানাই সায়নার কোচ গোপিচাঁদকেও।’ আরেক ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং অবশ্য সায়নাকে অভিনন্দন জানাতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবেগের। তিনি সায়নার সৌন্দর্যেরও প্রশংসা করেছেন নিজের টুইটার বার্তায়। বলেছেন, ‘সুন্দরী সায়না! অলিম্পিক পদকের জন্য তোমায় অভিনন্দন জানাই।’ তিনি আরও লিখেছেন, ‘আমি নিশ্চিত সায়নার এই সাফল্যে আমার মতো ভারতের প্রত্যেক নাগরিকই দারুণ উচ্ছ্বসিত ও গর্বিত।’২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ভারতকে প্রথমবারের মতো সোনার পদক এনে দিয়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। কুস্তি ও বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন যথাক্রমে সুশীল কুমার ও বিজেন্দর কুমার। বিন্দ্রা এবার ফাইনালে উঠতে ব্যর্থ হলেও সুশীল কুমারের ইভেন্ট এখনো বাকি। বাকি আছে বক্সিংয়েরও দুটি খেলা। তাতে রিংয়ে নামবেন গতবারের ব্রোঞ্জজয়ী বিজেন্দর কুমার ও দেবেন্দ্র কুমার নামের অপর বক্সার। এই খেলাগুলোতে জিতলেই কুস্তি ও বক্সিংয়ের হাত দিয়ে আরও দু-তিনটি পদক ভারতের ঝুলিতে জমা হলেও হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।