ভাগ্যবান ইংল্যান্ড, একই গ্রুপে স্পেন-ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পরের ব্রাজিল বিশ্বকাপের উত্তাপ কি এখনই টের পাচ্ছেন? পাওয়ারই কথা। কারণ গত পরশুই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে হয়ে গেল বিশ্বকাপ বাছাইপর্বের ড্র। এই ড্রয়ের পর কোনো কোনো দেশ হাসছে, আবার কোনো দেশ পুড়ছে সংশয়ের আগুনে।যেমন ইংল্যান্ড হাসছে। উল্টো পিঠে ব্রাজিল-যাত্রার টিকিট মিলবে কি না, ড্রয়ের পরই এই সংশয়ে পুড়তে হচ্ছে ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্সকে। কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহ আর নানা বিতর্কে জড়িয়ে ২০১০ বিশ্বকাপে ফ্রান্সের হয়েছিল চরম ভরাডুবি। তার আগে দক্ষিণ আফ্রিকার টিকিট ফ্রান্স পায় স্রেফ বরাত জোরে। আয়ারল্যান্ডের সঙ্গে প্লে-অফ ম্যাচ ফ্রান্স জিতেছিল ‘হ্যান্ড অব অঁরি’ বিতর্ক তোলা গোলে।ভাগ্য এবারও সঙ্গ দিচ্ছে না ফ্রান্সকে। অবশ্য ফ্রান্সের সঙ্গে সংশয়টা চ্যাম্পিয়ন স্পেনেরও। এই দুটি দেশই একই গ্রুপে! ইউরোপের বাছাইপর্বটাই সবচেয়ে কঠিন। নয় গ্রুপের শীর্ষ ৯টি দল পাবে সরাসরি চূড়ান্ত পর্বের টিকিট, সেরা ৮টি রানার্সআপ দল খেলবে প্লে-অফ। বিজয়ী ৪টি দল পাবে ব্রাজিলের টিকিট। কাজেই যতই ভালো খেলুক, স্পেন-ফ্রান্সের এক দলকে প্লে-অফের পরীক্ষায় নামতেই হবে।তবে বাছাইপর্বে এবার ইংল্যান্ডই পড়েছে সবচেয়ে সহজ গ্রুপে। ‘এইচ’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী ইউরো বাছাইয়ের প্রতিপক্ষ মন্টেনেগ্রো, ইউক্রেন, পোল্যান্ড, মালদোভা ও সান ম্যারিনো। ‘হ্যান্ড অব অঁরি’ বিতর্কে গত বিশ্বকাপে যেতে না-পারা আয়ারল্যান্ড এবারও পড়েছে কঠিন পরীক্ষার সামনে। ‘সি’ গ্রুপে তাদের প্রধান প্রতিপক্ষ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আরও আছে সুইডেন, অষ্ট্রিয়া, ফারো দ্বীপপুঞ্জ, কাজাখস্তান। ফ্রান্সের মতোই গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকেও দিতে হবে পরীক্ষা। ‘বি’ গ্রুপে ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, আর্মেনিয়া ও মাল্টাও তাদের সহযাত্রী।এশিয়ায় কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি জাপান ও অস্ট্রেলিয়া। যদিও এশিয়ার লড়াইটা ঠিক সরাসরি চূড়ান্ত পর্বে ওঠার নয়। এরপর আরেক ধাপ পেরোলে তবেই চূড়ান্ত পর্ব। শীর্ষ ২০টি দল অংশ নিচ্ছে ৫ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২টি করে ১০টি দল উঠবে পরবর্তী রাউন্ডে। এই ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ ২টি করে ৪টি দল যাবে চূড়ান্ত পর্বে।দুই গ্রুপের তৃতীয় হওয়া দুই দল প্লে-অফ খেলবে। বিজয়ী দলকে আবার প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে। তারপরই চূড়ান্ত পর্বের টিকিট। যা-ই হোক, ‘সি’ গ্রুপে ২০১০ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠা জাপান ছাড়াও আছে উজবেকিস্তান, সিরিয়া ও উত্তর কোরিয়া। ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী সৌদি আরব, ওমান ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার সঙ্গী কুয়েত, আরব আমিরাত ও বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেওয়া লেবানন।দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল ছাড়া প্রতিটি দেশকেই খেলতে হবে একে অপরের বিপক্ষে। আফ্রিকায় কঠিন পরীক্ষার মুখে গত বিশ্বকাপের শেষ আটে খেলা ঘানা ও আইভরিকোস্ট। ‘সি’ গ্রুপে দিদিয়ের দ্রগবার দেশের প্রধান প্রতিপক্ষ মরক্কো। আছে গাম্বিয়া। ‘ডি’ গ্রুপে ঘানার সঙ্গী সুদান, জাম্বিয়া। এএফপি।