‘উচ্চতা কত?’ প্রশ্নটি ছিল একটু অস্বস্তি মেশানো কণ্ঠে। সেই অস্বস্তি উধাও কৌশল সিলভার আকর্ণ বিস্তৃত হাসিতে, ‘৫ ফুট ৪।’ পাশ থেকে ম্যানেজার মাইকেল ডি সয়সা যোগ করলেন, ‘আমরা ওকে মজা করে বলি, ফর ফিট নাথিং!’
খর্বাকৃতি নিয়ে অস্বস্তি থাকে অনেকেরই। তবে সিলভা এই দলে নেই। যেটা নিজের হাতে নেই, তা নিয়ে কেন আক্ষেপ বা ভাবনা! বরং গর্ব করেন তিনি নিজের ব্যাটিং নিয়ে। শ্রীলঙ্কার ইতিহাসের খর্বাকৃতির সেঞ্চুরিয়ান, এই তথ্যটি তাই দারুণ গর্বিত করে তাঁকে। সেঞ্চুরিটি তাঁর কাছে কতটা, সেটি তো বলে দিচ্ছিল তাঁর বাঁধনহারা উদ্যাপনই!
তিন অঙ্ক পর্যন্ত যেতে হয়েছে তাঁকে ভাগ্যরথে সওয়ার হয়ে। ৩৯ থেকে ৪২—এই তিন রানের মধ্যে তিনবার পেয়েছেন ‘নতুন জীবন’। তবে গত কিছুদিন দুর্ভাগ্য এমনভাবে পিছু নিয়েছিল যে সৌভাগ্যের ছোঁয়া পাওয়াটা একরকম অধিকারই হয়ে গিয়েছিল তাঁর। দুই বছর পর গত মাসে দলে ফিরেছিলেন আরব আমিরাতে পাকিস্তান সিরিজ দিয়ে। আবুধাবি টেস্টে আউট হলেন ৮১ রানে, দুবাইয়ে দুই ইনিংসে ৯৫ ও ৫৮। যতক্ষণ উইকেটে ছিলেন, মনে হয়নি আউট হতে পারেন। কিন্তু হুট করেই আউট।
কাল দেখলেন উল্টো ছবি। বেশ কবার আউট হতে হতে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত পেয়ে গেলেন স্বপ্নের সেঞ্চুরির দেখা। ২৭ বছর বয়সী ব্যাটসম্যানের কণ্ঠে তাই স্বস্তি, ‘ভাগ্যের সহায়তা পেয়েছি, কিন্তু সেটি তো কাজেও লাগাতে হয়। আমি সেটা পেরেছি। অবশেষে সেঞ্চুরিটি করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। স্বস্তি পাচ্ছি, ভালো লাগছে।’
সেঞ্চুরিটা হওয়ার পর সিলভা যখন উড়ছেন আকাশে, আরেক পাশে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ছেন উইকেটে সঙ্গী কুমার সাঙ্গাকারাও। সিলভাকে এমনভাবে আলিঙ্গনে জড়ালেন, আর ছাড়েনই না! সতীর্থের সাফল্য উদ্যাপন করেন প্রায় সবাই, তবু আলাদা করে চোখে পড়ল সাঙ্গাকারার উদ্যাপন। যেন সেঞ্চুরিটা করেছেন নিজেই! পেছনের গল্পটা জানা থাকলে অবশ্য বিস্ময় কমে যাবে। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই এক দলে খেলছেন দুজন। জাতীয় দলে আসার আগে থেকেই সিলভার গুণমুগ্ধ সাঙ্গাকারা। অনেকবার সেটি বলেছেনও প্রকাশ্যে। নিজে নির্ভার হওয়ার পাশাপাশি সাঙ্গাকারার কথার মান রাখতে পেরেও খুশি সিলভা, ‘ঘরোয়া ক্রিকেটে পাঁচ-ছয় বছর ধরেই আমরা একসঙ্গে খেলছি। যখনই রান পাইনি, ওর কাছে পরামর্শ চাই সব সময়। এখন জাতীয় দলেও একসঙ্গে খেলছি। আমার প্রথম সেঞ্চুরির সময় আরেক পাশে সাঙ্গা, খুব ভালো লেগেছে।’