ভাগ্যের কাছে হেরে গেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দুই বলে চার মেরে জয়ের আশা জাগিয়েছিলেন তিনিই। কিন্তু ইনিংসের শেষ বলটি ফুল টস পেয়েও এনামুল তুলে দিলেন আকাশে। বোলার থিসারা পেরেরা ক্যাচ লুফে নেওয়ার পর বসে পড়লেন হতাশায়। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । প্রথম আলো
আগের দুই বলে চার মেরে জয়ের আশা জাগিয়েছিলেন তিনিই। কিন্তু ইনিংসের শেষ বলটি ফুল টস পেয়েও এনামুল তুলে দিলেন আকাশে। বোলার থিসারা পেরেরা ক্যাচ লুফে নেওয়ার পর বসে পড়লেন হতাশায়। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে । প্রথম আলো

শেষ বলে চাই ৩ রান। এনামুল পারবেন তো? নাকি জয় হবে থিসারা পেরেরারই? শেষ বলে এমনই নাটকীয়তায় রূপ নিল বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নাটকীয়তার শেষ থিসারা আর তাঁর দল শ্রীলঙ্কার জয়ে। থিসারার ফুল টস বলে ব্যাট চালিয়ে আকাশে ক্যাচ তুলে দিলেন এনামুল। ক্যাচটা থিসারাই নিলেন। তবে ম্যাচ শেষে ‘নো’ বল বিতর্ক মিশে থাকল সেই আউটে।

এর আগে শেষ ওভারে ১৭ রান নেওয়ার অসম্ভব কাজ এনামুল প্রায় সম্ভবই করে ফেলেছিলেন। প্রথম বলে ব্যাটের কানায় লেগে উইকেট-কিপারের পাশ দিয়ে চার। পরের বলটা কাভারে ঠেলে দিয়ে ফরহাদ রেজার সঙ্গে দুবার প্রান্তবদল এবং তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এনামুলের প্রথম ফিফটিটাও হয়ে গেল। ওভারের তৃতীয় বলে ফরহাদের রানআউটে নাটকীয়তায় নতুন মোড়। এনামুল তবু জ্বালিয়ে রাখলেন আশার সলতে। পরের দুই বলে এক্সট্রা কাভার দিয়ে পর পর মারলেন আরও দুটি বাউন্ডারি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তখন যেন ভেঙে পড়বে ১৫-১৬ হাজার দর্শকের উল্লাসে। ৫ বলে ১৪ হয়ে গেছে, এক বলে ৩ রান আর এমন কী! কিন্তু শেষ বলে যে ওই ৩ রানের চ্যালেঞ্জেই আটকে গেলেন এনামুল, আটকে গেল বাংলাদেশ দলও! ২ রানের হার চট্টগ্রামের রাতটাকে হতে দিল না আলোয় ভরা।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যটাকে বাংলাদেশের পুরো ইনিংসেই মনে হচ্ছিল নাগালের মধ্যে। তামিম-শামসুরের ৫২ রানের ওপেনিং জুটির পর তৃতীয় উইকেটে এনামুল-সাকিব মিলে বাংলাদেশ দলের স্কোর এক শর ওপারে নিয়ে গেলেন ১৩তম ওভারেই। সাকিব আরও কিছুক্ষণ থাকলে হয়তো ম্যাচটা শেষ বল পর্যন্ত যেতই না। কুলাসেকারার বলে এই বাঁহাতির বোল্ড হয়ে যাওয়াটাই যেন লিখে দিল ম্যাচের ভাগ্য। নাসির আর ফরহাদকে নিয়ে এনামুল তবু লড়াই করেছেন। তাতে জিততে জিততেও শেষ বলের লড়াইয়ে হেরে গেলেন থিসারার কাছে।

বাংলাদেশ যেদিন জেতে, ম্যাচের প্রথম থেকেই মনে হয় জিতবে। কালও একের পর এক অসাধারণ ক্যাচ মনে সে আশারই প্রদীপ জ্বালছিল। সত্যি বলতে কি, শ্রীলঙ্কার ইনিংসে সাঙ্গাকারা-পেরেরাদের ব্যাটিংয়ের চেয়েও বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচগুলোই হলো দেখার মতো। দিলস্কুপ মারতে গিয়ে মাশরাফির করা ইনিংসের প্রথম ওভারেই বোল্ড হয়ে যান তিলকরত্নে দিলশান। এরপর শ্রীলঙ্কার আরও যে ৬টি উইকেট পড়েছে, তার ৫টিই অসাধারণ সব ক্যাচে।
শুরুটা অধিনায়ক দিনেশ চান্ডিমালের ক্যাচ নিয়ে। সাকিব আল হাসানের প্রথম ওভারের পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারতে চাইলেন চান্ডিমাল। ব্যাটে-বলে খুব জুতসই সংঘর্ষ হলো না। লং অন থেকে ওয়াইডিশ লং অনের দিকে দৌড়ে গিয়ে ফরহাদের লাফ দিয়ে ধরা ক্যাচ শুধু চান্ডিমালকেই বিদায় করেনি, অসাধারণ এক ফিল্ডিং দেখার আনন্দে মাতিয়ে তুলল গোটা গ্যালারি।

প্রেসবক্সে তখনো ফরহাদের ক্যাচের প্রশংসা শেষ হয়নি, এক ওভার পরে আবারও সাকিবের বলে উঠল ক্যাচ। ব্যাটসম্যান এবার কুমার সাঙ্গাকারা, ফিল্ডার নাসির হোসেন। মিড উইকেট থেকে ওয়াইডিশ লং অনের দিকে ১০ গজের মতো দৌড়ে গিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে সাঙ্গাকারার ক্যাচটা নিলেন নাসির। সিকুগে প্রসন্নর পরের ক্যাচটাও পড়ল নাসিরের বিশ্বস্ত হাতেই। আরাফাত সানিকে স্লগ সুইপ করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন প্রসন্ন। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট! দারুণ এক ক্যাচের জন্য নাসিরের সঙ্গে সতীর্থদের অভিনন্দন-সিক্ত হলেন সানিও।

ফরহাদের ক্যাচকে ছাড়িয়ে গেছে নাসিরের ক্যাচটা। পরে ওই সানির বলেই নাসিরকেও ছাড়িয়ে যাওয়া এক ক্যাচ নিলেন এনামুল। মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন কুশল পেরেরা। মাথার ওপর থেকে নেওয়া ওই ক্যাচটা যত না অসাধারণ হয়েছে, তার চেয়ে দর্শনীয় ক্যাচ নিয়েও জিমন্যাস্টদের মতো এক পায়ে এনামুলের ভারসাম্য ধরে রাখাটা। নয়তো এনামুলসহই বলটা পার হয়ে যেতে পারত সীমানাদড়ি। ইনিংসের শেষ ওভারে মাশরাফির বলে ক্যাচ হয়েছে আরও একটা। তবে আগের ক্যাচগুলো দেখার পর ডিপ স্কয়ার লেগে শামসুরের নেওয়া কুলাসেকারার সহজ ওই ক্যাচ দেখে মনে হয়েছে, এ আর এমন কী!
দারুণ সব ক্যাচে শ্রীলঙ্কাকে ১৬৮ রানের মধ্যে আটকে রাখা, ম্যাচটাকে শেষ বল পর্যন্ত নিয়ে যেতে পারা—সবই পক্ষে ছিল বাংলাদেশ দলের। তার পরও তুলির শেষ আঁচড়টা যে দেওয়া গেল না, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সে জন্য ভাগ্যকেই দায়ী করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ভাগ্যই তো, নইলে ইনিংসের শেষ যে বলটাতে এনামুল আউট হলেন, সেটা তো ‘নো’ও হতে পারত। ড্রেসিংরুমে বাংলাদেশ দলের বিশ্লেষণে নাকি পরিষ্কার, থিসারা পেরেরার ওই বলটা এনামুলের কোমর উচ্চতার ওপরে ছিল। সেটা যা-ই হোক, থার্ড আম্পায়ারের চোখে তো ‘নো’ হতে হবে! সেটা হয়নি বলে খেলা শেষে বাংলাদেশ দলের খেলোয়াড় এবং বোর্ড কর্মকর্তাদের তোপের মুখেও পড়তে হয়েছে আম্পায়ারদের।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৬/৭
ফল: শ্রীলঙ্কা ২ রানে জয়ী