ভাগ্যের ছোঁয়ায় প্যারাগুয়ের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার কার্দোজো শট নিলেন, জাপানের গোলরক্ষক ইজি কাওয়াসিমাকে ফাঁকি দিয়ে বল ঢুকে গেল জালে। মাঝরেখা বরাবর সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা প্যারাগুয়ের খেলোয়াড়-কোচ আর কর্মকর্তা সবাই মিলে দৌড় লাগালেন। দৌড় লাগালেন তাঁরা কোয়ার্টার ফাইনালের দিকে! দৌড় লাগালেন ইতিহাস গড়ার আনন্দকে সঙ্গী করে। টাইব্রেকারে ৫-৩ গোলে জাপানকে হারিয়ে অমন আনন্দেই ডুবে যাওয়ার কথা প্যারাগুয়ের খেলোয়াড়দের। বিশ্বকাপে এই প্রথম শেষ আটে উঠেছে প্যারাগুয়ে। ম্যাচের পর প্যারাগুয়ের কোচ জেরার্দো মার্টিনোর মুখে প্রথম কথাই ছিল সেটি, ‘এই প্রথম প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালে উঠল।’ আর জাপান তখন হতাশায় নিমজ্জিত এক দল। ইতিহাস হাতছানি দিচ্ছিল জাপানকেও। প্রথমবারের মতো তারাও উঠতে পারত কোয়ার্টার ফাইনালে। প্যারাগুয়ের কোচ সেটিও বলতে ভুললেন না, ‘ইতিহাস গড়ার সুযোগ ছিল ওদের সামনেও।’ ইতিহাস গড়ার উপলক্ষ এক দল কাজে লাগাল, আরেক দল পারল না। তবে দু দল খেলেছে সমানে সমানই। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও গোলশূন্য। তারপর টাইব্রেকারে শেষ হাসির পর প্যারাগুয়ের কোচের মুখে ছিল দু দলেরই প্রশংসা, ‘আপনি যদি ম্যাচটা দেখে থাকেন, তাহলে দেখবেন খেলোয়াড়েরা কীভাবে খেলেছে। কত সংহতি ছিল সবার মধ্যে। ইতিহাস বইয়ে ঠাঁই করে নেওয়ার জন্য সবার যে তীব্র ইচ্ছা ছিল, সেটাও স্পষ্ট ছিল খেলায়। দুটো দলের খেলায়ই এটা চোখে পড়েছে।’টাইব্রেকারে জয়-পরাজয়টা যে ভাগ্যেরই, এটাই সবাই বলবেন। প্যারাগুয়ের কোচেরই একই মত, ‘আমার কাছে মনে হচ্ছে, পেনাল্টি শ্যুট-আউটের সময় আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’ জাপান কোচ তাকেশি ওকাদা ভাগ্য-টাগ্য অতটা বিশ্বাস করেন বলে মনে হয় না। এমন হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ভাগ্যের দোহাই দিতে পারতেন। কিন্তু দেননি। তাই বলে টাইব্রেকারে মিস করা কোমানোর ঘাড়েও দায় চাপাননি। দায়টা নিজের কাঁধেই নিয়েছেন, ‘আমার খেলোয়াড়েরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। আমি ওদের জেতাতে পারিনি। এটা আমার দায়। আমি আসলে ওদের সেভাবে জয়-তৃষিত করে তুলতে পারিনি।’ জাপানের খেলোয়াড়েরা যেমন খেলেছে তাতে দুঃখ নেই জাপানের কোচের, ‘আসলে যেভাবে আমরা খেলেছি তাতে আমার কোনো দুঃখ নেই। খেলোয়াড়েরা দারুণ খেলেছে, সত্যি দুর্দান্ত খেলেছে। আমি গর্বিত। ওরা জাপানকে তুলে ধরেছে, তুলে ধরেছে পুরো এশিয়াকে। একেবারে শেষ পর্যন্ত চেষ্টা করেছে ওরা।’জাপানের লড়াকু মানসিকতার সুনাম আছে। কাল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও যে সেটা দেখা গেছে এতে কোচের মতো খুশি সমর্থকেরাও। ম্যাচ শেষে জাপানের ২২ বছর বয়সী আকিরা হায়াসি বলেছেন, ‘আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে একটা কারণে আবার গর্বও হচ্ছে যে, তারা (খেলোয়াড়েরা) তাদের সেরাটা খেলেছেন। জাপানি লড়াকু মানসিকতাটা তুলে ধরেছেন।’ এএফপি।