ভাগ্যের জোরে রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপার উন্মাদনা শেষ। তিন মৌসুম অপেক্ষার পর গত বৃহস্পতিবার লা লিগা জয়ের উত্সবটা করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বাকি ম্যাচগুলো এখন শুধুই আনুষ্ঠানিকতার।আনুষ্ঠানিকতার ম্যাচেই গতকাল শনিবার রাতে রিয়ালের ফুটবলারদের ঘাম ঝরাল গ্রানাডা। একেবারে শেষ মুহূর্তে গ্রানাডার একটি আত্মঘাতী গোলের সুবাদে এ ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল।খেলার শুরুতেই এগিয়ে যায় গ্রানাডা। পাঁচ মিনিট যেতে না-যেতেই দলকে গোল এনে দেন আর্জেন্টাইন খেলোয়াড় ফ্রাঙ্কো জারা। ৪২ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল রিয়াল, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গ্রানাডা।দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল। খেলার ৭৯ মিনিটে ডি বক্সের ভেতরে রোনালদোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হলুদ কার্ড দেখেন গ্রানাডার মোইসেস। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে, কিন্তু ইনজুরি টাইমে একটি আত্মঘাতী গোল করে বসেন গ্রানাডার ডেভিড কোর্টেস। ভাগ্যের জোরে জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা জয়ী রিয়াল।গ্রানাডার বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া গোলের সুবাদে লা লিগায় রোনালদোর গোলসংখ্যা এখন ৪৫। একই রাতে ন্যু ক্যাম্পে এসপানিওলের বিপক্ষে চার গোল করেছেন লিওনেল মেসি! বার্সার আর্জেন্টাইন জাদুকরের গোলসংখ্যা এখন ৫০। লা লিগায় মেসিকে ছাড়িয়ে যাওয়া বা স্পর্শ করার স্বপ্ন এখন ছেড়েই দিতে পারেন রোনালদো। সূত্র: ওয়েবসাইট।