ভাগ্যের দিকে তাকিয়ে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মধ্যে দ্বৈরথের কথা ভুলে গিয়ে একটা রাতের জন্য লিভারপুল সমর্থকেরা হয়ে গিয়েছিল এভারটনপ্রেমী। মনেপ্রাণে চেয়েছে নগরপ্রতিদ্বন্দ্বীরা যেন পয়েন্ট কেড়ে নেয় ম্যানচেস্টার সিটির কাছ থেকে।
লিভারপুলের সে চাওয়া পূরণ হয়নি। আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না রবার্তো মার্টিনেজের দল। সিটির কাছে ৩-২ গোলে হারে এভারটনের খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু লিভারপুলের বহুপ্রত্যাশিত শিরোপাস্বপ্ন অনেকটাই ফিকে করে দিয়েছে। জেকো-আগুয়েরোদের দুর্দান্ত পারফরম্যান্সে গুডিসন পার্কে পাওয়া জয় গত ফেব্রুয়ারির পর এই প্রথম প্রিমিয়ার লিগের শীর্ষে তুলে দিয়েছে ম্যান সিটিকে। লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখন সবচেয়ে উজ্জ্বল সিটিরই।
লিভারপুলের সঙ্গে একই সমান্তরালে দাঁড়িয়ে থাকলেও সিটি এগিয়ে গোল ব্যবধানে। দুই দলই খেলেছে ৩৬টি ম্যাচ, পয়েন্ট সমান ৮০। তবে ৯ গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা অনেকটা হেলে গেছে পেলেগ্রিনির দলের দিকে। কিছুদিন আগেও যে শিরোপা হেসেছিল লিভারপুলের দিকে তাকিয়ে, সেটাই যেন মুখ ফিরিয়ে নিয়েছে!
দায়টা লিভারপুলের নিজেদেরই। গত সপ্তাহে অ্যানফিল্ডে চেলসির কাছে ২-০ গোলে হার তাদের ঠেলে দিয়েছে খানিক পেছনে। এই সুযোগে শিরোপা লড়াইয়ে চলে আসে ম্যান সিটি। অথচ লিভারপুলের কাছে হার এবং ঘরের মাঠে সান্ডারল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর আশার প্রদীপ প্রায় নিভে গিয়েছিল সিটির। যেটি এখন আবার জীবন্ত।
শেষ সময়ে এসে সিটির শিরোপা-দৌড়ে এগিয়ে থাকার বড় কারণ, বাকি দুটি ম্যাচ তারা খেলবে ঘরের মাঠে। রেকর্ড বলছে, এই মৌসুমে নিজের মাঠে ১৭ ম্যাচের মাত্র একটিতে হেরেছে সিটি, ড্র করেছে একটি। অ্যাস্টন ভিলা আর ওয়েস্ট হামের বিপক্ষে বাকি দুই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল সিটির জন্য তো অঘটনই।
সিটি নিশ্চয়ই চাইবে না এমন সুযোগ হাতছাড়া করতে। ইতিহাদ স্টেডিয়ামে তাই উৎসবের প্রস্তুতি নিতেই পারে দলটি। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন, ‘আমাদের আরও দুটি ম্যাচ জিততে হবে। এখন অ্যাস্টন ভিলার জন্য প্রস্তুতি নেব, তারপর আরও একটা ম্যাচ। সবশেষে আমরা বিশ্লেষণ করব মৌসুমটা কেমন গেল।’
২৪ বছর ধরে লিভারপুলের কাছে অধরা হয়ে আছে প্রিমিয়ার লিগের শিরোপা। সেটি এবার অনেকটা হাতের নাগালে এসেও শেষ পর্যন্ত সুদূরেই থেকে যাবে? আলামত কিন্তু তেমনই। আজ শেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নামছে লিভারপুল। ১১ মে অ্যানফিল্ডে প্রতিপক্ষ নিউক্যাসল। শেষ দুটি ম্যাচ জিতলেও ব্রেন্ডন রজার্সের দলকে তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকে, থাকতে হবে সিটির পয়েন্ট হারানোর প্রত্যাশায়।
ভাগ্যদেবী কি মুখ তুলে তাকাবেন লিভারপুলের দিকে? ওয়েবসাইট।