ভাগ্যের সঙ্গে আছে কিছু ভুলও

খেলার তখনো অনেক দেরি। পরশু হোটেলে বসে বসে সময়টা আইপিএলের নিলাম দেখেই কাটাচ্ছিলেন সাকিব আল হাসান। মনে দুরুদুরু শঙ্কা, ‘কলকাতা নাইট রাইডার্সই আমাকে ডাকবে তো! ডাকলে কত টাকায়?’
প্রতিদ্বন্দ্বী দিল্লি ডেয়ারডেভিলসকে পিছু ফেলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরই জয় হলো শেষ পর্যন্ত। জয় হলো সাকিবেরও। ‘মনে মনে খুব চাচ্ছিলাম কেকেআরই আমাকে নিক। নিলামে তারাও আমার প্রতি আগ্রহ দেখাচ্ছিল, দেখে ভালো লাগছিল। শেষ পর্যন্ত কেকেআর আমাকে কেনায় আমি খুশি’—কাল বলছিলেন আইপিএল নিলামে দুই কোটি ৮০ লাখ রুপিতে (প্রায় সাড়ে তিন কোটি টাকা) বিক্রি হওয়া সাকিব আল হাসান। টাকা নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। যে টাকায় বিক্রি হয়েছেন, তাতেই তাই খুশি থাকতে চাইছেন।
বাংলাদেশের কাছের দল, সে জন্য কেকেআরের প্রতি আলাদা একটা দুর্বলতা জন্মেছে সাকিবের, ‘আইপিএলে যেকোনো দলের হয়ে খেলাটাই বড় ব্যাপার। তবে কলকাতা আমাদের কাছের শহর, মন চাইলেই যাওয়া-আসা করা যায়। ওখানকার পরিবেশে মানিয়ে নেওয়াটাও সহজ আমার জন্য।’ দলের খেলোয়াড়দের সঙ্গে এরই মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে সাকিবের। কেকেআরকে ভালো লাগার সেটাও একটা কারণ, ‘দলের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আমার। সবার সঙ্গে সব দিক দিয়েই আমার বেশ মিলেও গেছে।’ আবারও কেকেআরের তাঁবুতে যাওয়ার পর পরশু রাতেই দলের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে এসএমএসে যোগাযোগ হয়েছে সাকিবের।
খেলার আগে লক্ষ্য-টক্ষ্য ঠিক করে নেওয়ার ব্যাপারটা তাঁর মধ্যে কখনোই ছিল না। খেলা মানেই সাকিবের জন্য মাঠে গিয়ে করে দেখানো। আগে থেকে ভাবাভাবির অর্থ খুঁজে পান না তিনি। আইপিএল নিয়েও সাকিবের দর্শন অভিন্ন, ‘ভালো খেলতে তো সবাই-ই চায়। আমিও চাই। কিন্তু আগে থেকে লক্ষ্য ঠিক করে নেওয়া...ভালো খেলতেই হবে, এটা আমি কখনোই করি না। আইপিএলেও আমার কোনো লক্ষ্য নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেও এই ‘নীতিচ্যুত’ নন সাকিব। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর সাকিবসহ পুরো দলের মধ্যেই এই আত্মবিশ্বাস কাজ করছে যে ভালো খেললে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতেও হারানো সম্ভব। শ্রীলঙ্কার সঙ্গে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়াটাও বাংলাদেশের একটা অর্জন তাঁর কাছে।
তবে প্রথম ম্যাচে হারের পেছনে শুধু ভাগ্যকেই না দুষে সাকিব সামনে আনছেন নিজেদের কিছু ভুলত্রুটিও, ‘আমি বলব না যে ভাগ্যের কারণে হেরেছি। আমরা অনেকগুলো ছোট ছোট ভুল করেছি। সে জন্যই শেষ মুহূর্তে গিয়ে পারিনি।’
সাকিবের চিহ্নিত ভুলগুলো হলো—
ওভার থ্রোতে ওরা একটা চার পেয়েছে। অকারণে একবার একটা সিঙ্গেলও পেয়ে গেল। টি-টোয়েন্টি ম্যাচে এই চার-পাঁচ রান অনেক গুরুত্বপূর্ণ। দেখলেন তো, শেষ পর্যন্ত আমরা ২ রানে হারলাম।
ব্যাটিংয়ে শুরুটা আমাদের ভালো হলেও মাঝে ২-১ ওভারে আমরা ১-২-এর বেশি রান নিতে পারিনি। টি-টোয়েন্টিতে এভাবে খেললে হয় না। যে করেই হোক আপনাকে রান করতেই হবে।
কিছু ভুল ছিল বোলিংয়েও। আমরা হয়তো ফিল্ডিং সাজিয়েছি এক রকম, কিন্তু বোলিং করেছি আরেক রকম। কিছু কিছু জায়গায় বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করা উচিত ছিল।
এই ভুলগুলোর পরও বাংলাদেশ ম্যাচ নিয়ে গেছে শেষ বলে। কিন্তু ওই বলে এনামুল হক (বিজয়) ক্যাচ তুলে দিলেন আকাশে। একটু কি স্নায়ুচাপে ভুগছিলেন এনামুল? সাকিবের কিন্তু সেটা মনে হচ্ছে না, ‘এ রকম পরিস্থিতিতে ব্যাটসম্যানের চেয়ে বোলাররাই বেশি স্নায়ুচাপে ভোগে। আর শেষ বলে যে ও রকম একটা ফুলটস এসে যাবে, সেটা বোধ হয় চিন্তাও করেনি বিজয়। ও হয়তো ভেবেছিল ইয়র্কার হবে বা অন্য কিছু। ও রকম একটা বল সে নিশ্চয়ই আশা করেনি।’
শেষ বলে ৩ রান হলেই জিতে যেত বাংলাদেশ দল। সেটা না হওয়ায় অতৃপ্তি যেমন আছে, আছে ক্ষোভও। বাংলাদেশ দল নিশ্চিত, বলটা কোমর উচ্চতার ওপরে ছিল বলে ‘নো’ ডাকা উচিত ছিল আম্পায়ারদের। পরশু খেলা শেষে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের এক সদস্য নাকি মন্তব্য করেছেন, ‘ওই বলে নো ডাকলে আমাদের করার কিছু ছিল না। ফিফটি-ফিফটি চান্স ছিল’ কাল প্রসঙ্গটা তুলতেই আচরণবিধির ভয়ে সতর্ক সাকিব। শুধু বললেন, ‘আমরা কারও কাছে কোনো ফেবার চাই না। কিন্তু ফিফটি-ফিফটি হলে তো সিদ্ধান্তটা আমাদের দিকেও আসতে পারত...।’
সাকিব যতই নিজেদের ভুলত্রুটি তুলে ধরুন, এই জায়গায় বোধ হয় ভাগ্যের কাছেই হেরে গেল বাংলাদেশ দল।