ভাগ্যের হাতে বন্দী ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপে এখনো জয়ের দেখা পায়নি ইতালি। প্রথম দুটি ম্যাচেই ড্র করে তারা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। অন্যদিকে সমানসংখ্যক চার পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী স্পেন ও ক্রোয়েশিয়া। প্রথম রাউন্ডের বাধা পেরোতে হলে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। কিন্তু জিতলেই যে ইতালি প্রথম পর্বের বাধা পেরোবে-ব্যাপারটি কিন্তু তা নয়। আইরিশদের বিপক্ষে জয় তাদের কাজটা অনেকদূর এগিয়ে রাখবে। একইসঙ্গে আজ্জুরিদের প্রার্থনা হবে ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচটির ফলাফল যেন স্পেনের পক্ষে যায়, ড্র হলেও স্কোরলাইনটা যেন ২-২ না হয়।বলার অপেক্ষা রাখেনা আজকের ম্যাচটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ইতালীয় শিবির। আজ্জুরিদের মূল ভয়টা হলো, অনেককিছুই তাদের হাতে না থাকা। ভাগ্যদেবীর হাতে সবকিছু ছেড়ে দিয়ে আসলে নিরুদ্বিগ্ন থাকা যায় না। ২০০৪ সালের অভিজ্ঞতা ইতালি শিবিরে আশঙ্কার বাতাস আরও ভারী করেছে। সেবার একই পরিস্থিতিতে গ্রুপের শেষম্যাচে ডেনমার্ক ও সুইডেনের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিল। ইউরোর প্রথম পর্ব থেকে ছিটকে গিয়েছিল ইতালি। এবার তেমন ভাগ্যদেবীকে তাই ঠিক বিশ্বাস নেই ইতালির।এমন অবস্থায় আসলে ইতালির পড়ার কথা ছিলনা। নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয়টা হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে প্রানদেল্লির শিষ্যদের। প্রথম ম্যাচে শক্তিশালি স্পেনের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে ম্যাচটা। সর্বশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেও একই অবস্থা। গোল করে গোল ধরে রাখাটা যেন ভুলে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুটির একটি ম্যাচে জয় পেলেও পরিস্থিতিটা এমন হতো না ইতালির জন্য। সেই হিসেবে শেষ ম্যাচটা আয়ারল্যান্ডের সঙ্গে পড়ায় নিজেদের ভাগ্যবানই মনে করতেই পারে ইতালি। এবারের ইউরোর সবচেয়ে দুর্বল দল হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গেছে আয়ারল্যান্ড। ইতালির কপাল ভালো এমন পরিস্থিতিতে তাদের খেলতে হচ্ছে আইরিশদের সঙ্গে।ফুটবলে সবসময় ভাগ্যকে দোষ দিলে চলে না!