ভাগ্যের হাতে বাঁধা তাঁদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের নেতৃত্বে আসতে সাবেক ফুটবলারদের অনেকের নামটাই যথেষ্ট। কিন্তু সেই দিন আর নেই। বাফুফের আজকের নির্বাচনে তাই একঝাঁক সাবেক তারকা ফুটবলারের কেউই জয়ের ব্যাপারে নিশ্চিত নন। সিনিয়র সহভাপতি পদে পাঁচ প্রার্থীর অন্যতম সালাম মুর্শেদী, আশরাফ উদ্দিন আহমেদ (চুন্নু), গোলাম রাব্বানি (হেলাল)। প্রথম দুজন খেলোয়াড়ি জীবনে আলো ছড়িয়েছেন অনেক। সালাম বাফুফের বিদায়ী কমিটির সিনিয়র সভাপতি পদে ছিলেন। নতুন কমিটিতে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী হলেও অন্যদের কড়া চ্যালেঞ্জ তাঁর সামনে।চুন্নুর কোনো পরিষদ নেই। তবে তিনি ভোটের লড়াইয়ে নিজেকে তুলে এনেছেন শক্ত অবস্থানে। গত নির্বাচনে সহসভাপতি পদে হেরেছেন মাত্র ২ ভোটে। এবার একটা সুযোগ দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন রাখছেন চুন্নু। গোলাম রাব্বানি ফুটবল বাঁচাও পরিষদের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক। নিজেকে শক্তিশালী প্রার্থী হিসেবেই তুলে ধরেছেন। একইভাবে শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরীও একজন শক্তিশালী প্রার্থী। মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানও আছে এই লড়াইয়ে। যদিও আলোচনায় তাঁর নাম খুব একটা আসছে না। সাবেক তারকাদের মধ্যে সহসভাপতি পদে বাদল রায়ের অবস্থান তুলনামূলক শক্ত। তৃণমূল ভোটে তাঁর প্রভাব আছে। ওদিকে সংগঠকেরাও স্নায়ুচাপে ভুগছেন। কারও নির্বাচিত হয়ে আসাই নিশ্চিত নয়। তবে সবাই আরেকবার সুযোগ চান। বিদায়ী সহসভাপতি শওকত আলী খান কাল আবেগাপ্লুত কণ্ঠে বলছিলেন, ‘সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। আশা করছি, ভোটাররা এর মূল্যায়ন করবেন। ভোট না দিলে বিদায় নেব। এতে কষ্ট পেলেও ধীরে ধীরে মানিয়ে নেব।’সাবেক তারকাদের মধ্যে শেখ মোহাম্মদ আসলাম ফুটবল পরিচালনার দক্ষতার ছাপ রেখেছেন। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ফুটবলে সময় দিয়েছেন অনেক। সেই দাবিতে তিনি ভোট চাইছেন। কোচ শফিকুল ইসলাম বলছেন, ‘আমি নির্বাচিত হলে ফুটবলের নানা সমস্যা নিয়ে ফেডারেশনে কথা বলতে পারব।’ একইভাবে সদস্য পদে ছাইদ হাসানও ভোট চাইছেন। সাবেকদের এই ভোটপ্রার্থনার মিছিল দেখে ফুটবল অঙ্গনে একটা কথাই শোনা যাচ্ছে। নির্বাচিত হলে তাঁরা সত্যিই ফুটবল উন্নয়নে কাজ করবেন তো?