ভাঙছে সংসার!
যে প্রেমের জন্য এত ত্যাগ, এত গঞ্জনা; সেই প্রেমের পরিণতি বিবাহবিচ্ছেদ! যে আজহারউদ্দিন একদিন সঙ্গীতা বিজলানির জন্য নিজের সংসার ভেঙেছিলেন, সহ্য করেছিলেন তীব্র সমালোচনা, সেই আজহারউদ্দিন এখন প্রস্তুতি নিচ্ছেন বিজলানির সঙ্গে সংসারটা ভেঙে দেওয়ার। আজহার বা সঙ্গীতা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে মুম্বাইভিত্তিক সংবাদপত্র মিড-ডে জানিয়েছে, সপ্তাহখানেকের মধ্যেই সাবেক ভারতীয় অধিনায়ক আজহার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করতে যাচ্ছেন। খবর সত্যি হলে ভেঙে যাচ্ছে আজহার-বিজলানির ১৪ বছরের সংসার। যেখানে ভাঙনের সুর, সেখানেই আবার গড়ার খবর আছে। সাবেক চলচ্চিত্র তারকা বিজলানির সঙ্গে ঘর ভেঙে আজহার নাকি সংসার পাততে যাচ্ছেন ভারতের নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড় জাওলা গুত্তার সঙ্গে।অথচ ১৯৯৬ সালে কত বাধা টপকেই না বিজলানির সঙ্গে বিয়ে হয়েছিল আজহারের। বিজলানির সঙ্গে ঘর করার জন্য ভেঙে দিয়েছিলেন নওরিনের সুখের সংসার। ছেড়ে আসতে হয়েছিল দুই ছেলে আসাদ ও আয়াজকে। পারিবারিক কষ্ট তো ছিলই। সঙ্গে মাঠে সময়টা খারাপ যাচ্ছিল, অধিনায়কত্ব হারিয়েছিলেন—সবকিছুর দায় চাপছিল বিজলানির ওপর। বলা হচ্ছিল, বিজলানিই আজহারের জীবনে দুঃসময় নিয়ে এসেছেন।সমালোচনায় কান না দিয়ে প্রেমের ডাকেই সাড়া দিয়েছিলেন আজহার। সেই প্রেম শেষ হয়ে গেল! বিজলানির সঙ্গে সংসার ভাঙছে কি না সে সম্পর্কে কিছু বলেননি কংগ্রেসের এই সাংসদ। তবে গুত্তার সঙ্গে তাঁর প্রেমের গল্পটাকে একেবারেই ফালতু বলে উড়িয়ে দিলেন আজহার, ‘এসব এক্কেবারে ফালতু কথা, ভিত্তিহীন এবং কুরুচিপূর্ণ। জাওলাকে আমি ভালো করে চিনি এবং ও আমার ভালো বন্ধু। কিন্তু এসব গল্পের কোনো ভিত্তি নেই। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে আমার যারা প্রতিপক্ষ তারাই এসব গল্প ছড়াচ্ছে।’এসব গল্পের প্রথম পর্বে তো এমন অস্বীকারই শোনা যায়, তাই না? ওয়েবসাইট।