ভাঙল মিলনমেলা...
খুব ভোরে হোটেলের পাশে কোথাও কেউ একবার ভুভুজেলা বাজাল। যেন একটা শঙ্খধ্বনি। কুয়াশার চাদর গায়ে জোহানেসবার্গের নিশুতি তা ধীরে ধীরে শুষে নিল।এই ঘুম-ঘুম ভোরে কেন হঠাৎ ভুভুজেলা? ও আজই তো বিশ্বকাপের ফাইনাল! এই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রতীক হলো প্লাস্টিকের তৈরি মনোহর (কিংবা মনঃপীড়াদায়ক) এই বাঁশি। ফাইনালের জন্য সবাইকে জাগিয়ে তোলার একটা দায়িত্ব আছে না এটির!স্টেডিয়ামে যাওয়ার পথে জনতার হাতেও দেখা গেল অজস্র ভুভুজেলা। মুখে বাতাস জমিয়ে শরীরের অনেক শক্তি ক্ষয় করে তা থেকে বের করা হচ্ছে শব্দ—ফুঁ..উ...উ। ধ্বনি ছড়িয়ে পড়ছে দিক-দিগন্তে। স্টেডিয়ামে দেখা মিলল আরও ভুভুজেলার। ওরা বলে আনন্দ, আমরা জ্বালা। কিছুক্ষণ পরই সব আনন্দ আর যন্ত্রণা একসঙ্গে মিশে গিয়েছে। আলোঝলমলে সমাপনী অনুষ্ঠান ঘোষণা করে দিয়েছে বিদায় বিশ্বকাপ ২০১০!এরপর অবশ্য ফাইনাল ম্যাচ ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের প্রথম ৪৫ মিনিটে গোল হয়নি। কার হাতে উঠছে শিরোপা? বোঝা যাচ্ছিল না। মন বলছিল স্পেন, কিন্তু মস্তিষ্ক হল্যান্ডকে ‘বিদায়’ জানাতে সতর্ক করে দিচ্ছিল। তবে জয় বা পরাজয়—কোনো দিকেই থাকতে খারাপ লাগার কথা নয়। এই বিশ্বকাপ যেমন নতুন কিছু পেল, বিশ্বকে নতুন এক চ্যাম্পিয়ন দলও তো উপহার দিয়ে গেল। পরের বিশ্বকাপ ২০১৪ সালে ব্রাজিলে। শুরু হলো চার বছরের অপেক্ষা। আচ্ছা, তখনো কি ভুভুজেলা থাকবে? থাকতে পারে। ব্রাজিলের সাম্বা দলের হাতে উঠে কিছু ভুভুজেলা এরই মধ্যে পাড়ি দিয়েছে আটলান্টিক। রিও ডি জেনিরো, সাও পাওলোতেও ওটি সশব্দে উপস্থিতি জানান দিতে পারে আগামী বিশ্বকাপে। কিন্তু ব্রাজিলের সেই সাম্বা? সাম্বার জন্য একটু কি আক্ষেপ থাকল না? সে যা-ই হোক, এই বিশ্বকাপে সাম্বা না হয় না-ই দেখা গেল, আর্জেন্টিনার ট্যাঙ্গোও না হয় শেষ পর্যন্ত মিলিয়ে গেল সুদূরে, যে দুটি দল ফাইনাল খেলল, তারাও কিন্তু আনন্দদায়ী দলই ছিল।তবে দক্ষিণ আফ্রিকায় এসে আমার মনে সে অর্থে তেমন আনন্দ ছিল না। বাইরে কোথাও নিশ্চিন্ত মনে ঘোরা যেত না, এই বুঝি ছিনতাইকারীর কবলে পড়লাম। তীব্র শীতে কাঁপুনি ধরত গায়ে, বিরক্তিতে ছেয়ে যেত মন। ধেৎ, এমন একটা দেশে ফিফা কেন বিশ্বকাপ আয়োজন করল! একেকটা বড় দল খাদের কিনারে চলে গিয়েছে আর হতাশা এসে ঘিরে ধরেছে। শেষ পর্যন্ত উরুগুয়ে-প্যারাগুয়ে ফাইনালের রিপোর্ট করতে হবে এমনও ভাবতে হয়েছে! এত কিছুর মধ্যে ভুভুজেলার শব্দই নিশ্চয়তা দিত, বিশ্বকাপ বেঁচে আছে। সেই ভুভুজেলা কাল রাতে থেমে গেল।‘কালাবাস’টার বিশাল পেটের দিকে তাকিয়ে খারাপ লাগছিল। ওটির ভেতরকার সব আগুন নিভে গেছে। তবে নাসরেকের বিশাল প্রান্তরে ঠায় দাঁড়িয়ে থাকবে ১৯৮ মিলিয়ন পাউন্ড ব্যয়ে পুনর্নির্মিত এই দৈত্যাকার স্থাপনা। এলিস পার্ক, প্রিটোরিয়ার লফটাস, পোলকওয়ানের পিটার মোকাবা, পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে, ডারবানের মোজেস মাভিদা বা কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামও তো এমন একাকী দীর্ঘশ্বাস ফেলবে।৬ জুলাই কেপটাউনে হল্যান্ড-উরুগুয়ে সেমিফাইনালের পরপরই কর্মীরা নেমে পড়লেন সাজসজ্জা খুলে নেওয়ার কাজে। মাইকে জানিয়ে দেওয়া হলো, পরদিন দুপুর ১২টার পরই এই স্টেডিয়াম বন্ধ। মিলিয়ন মিলিয়ন ডলারে নির্মিত, পুনর্নির্মিত কিংবা সংস্কারপ্রাপ্ত ১০টি স্টেডিয়াম এ রকম ঘুমিয়েই থাকবে দীর্ঘকাল। ওগুলো এখন সাদা হাতি। দক্ষিণ আফ্রিকার পেশাদার ফুটবল লিগ এত জাঁকালোও নয় যে কাইজার চিফস আর অরল্যান্ডো পাইরেটসের ম্যাচ দিয়ে ওগুলোকে প্রাণ ফিরিয়ে দেওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা এসব জানত, সব বড় ক্রীড়াযজ্ঞের আয়োজকেরাই জেনে এসেছে। সব জেনেবুঝেই আয়োজনের ভার নেওয়া। বেইজিং অলিম্পিকের বিস্ময় ‘পাখির বাসা’টাই তো নীরবে চোখের জল ফেলে। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ চলার পথে অঙ্ক কষে বেশি করে বুঝতে পেরেছে, কী বোঝাটাই না টানতে হবে। স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় সামলাতে সরকারি কোষাগারে টান পড়বে। মাসে ব্যয় হবে লাখ লাখ ডলার। এমনিতেই যা ভাবা গিয়েছিল, প্রচুর বিদেশি মুদ্রা আয় হবে, প্রচুর অনগ্রসর কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর আয়ের সংস্থান করে দেবে বিশ্বকাপ, তা হয়নি। তার ওপর বিদেশি বিশেষ করে প্রতিবেশী দেশ জিম্বাবুয়ে, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, লেসোথোর মানুষ এসে চাকরি বাগিয়ে নিয়েছে অনেক। এসবই নাকি জাতিগত বিদ্বেষ জাগিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকানদের মনে। ২০০৮ সালের পর আবারও তাই ‘বিদেশি তাড়াও’ আন্দোলনের দিকে ঝুঁকছে দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কালো মানুষ। বিশ্বকাপের পর সহিংসতা শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা। নানা প্রান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া যাচ্ছে। সেনাবাহিনী টহলও দিতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। কাল রাতের পর এসব আপাতত পেছনের পাতায়। নতুন চ্যাম্পিয়নকে নিয়ে আপাতত কয়েক দিন মেতে থাকা যাক, কী বলেন!