ঘোড়ার গাড়ি আর ঢাকঢোল নিয়ে আগের দিন দলবদল সেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সে রকম জৌলুস না থাকলেও গোটা দশেক বাস বোঝাই করে সমর্থক এনে কাল ফুটবলারদের নিবন্ধন করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হলুদ টি-শার্ট পরা একদল তরুণ ঢাকঢোলের তালে আনন্দনৃত্য করে গেল বাফুফে ভবন চত্বরে।ঘরোয়া ফুটবলের আপাতনিস্তব্ধতার মধ্যে ঘুম ভাঙার মতো ব্যাপার। বরাবরই দেখা গেছে শেখ জামাল মানেই বিশেষ কিছু। দলটার জন্য ‘টাকা কোনো সমস্যা নয়’ এমন একটা ধারণাই গড়ে দিয়েছেন ক্লাব সভাপতি মনজুর কাদের।সেই অনুযায়ী বড় বাজেটের দলই গড়ল শেখ জামাল। প্রথমবার দেশের সেরা ১৫-১৬ জন ফুটবলারকে দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লিগে। যদিও পাতানো খেলার অভিযোগে ওই অর্জনটা হয়ে রয়েছে কলঙ্কিত। প্রথমবারের সেই দলের অনেকেই বেরিয়ে যান গতবার। এবার দলটাকে দাঁড় করানো হলো প্রায় নতুন করে।দলীয় শক্তির প্রতিফলনই ছিল শেখ জামালের গত দুই মৌসুমের পারফরম্যান্সে। প্রথমবারের চ্যাম্পিয়ন দল গতবার ষষ্ঠ হয়েছে। আকাশ থেকে মাটিতে পড়ে এবার আবার উড়তে চায় দলটি। কিন্তু নানা কারণে দল ছেড়েছেন প্রথম দুবারের দল গঠনেও বড় ভূমিকা রাখা অধিনায়ক আমিনুল। মিশু, কোমল, মিন্টু শেখ, ভাসানী, ইউসুফ আলী, পিরুরাও আর শেখ জামালে নেই। এবার ২৮ লাখ টাকায় যাঁকে নেওয়া হয়েছে সেই ডিফেন্ডার আরিফুল চোটের কারণে সম্ভবত গোটা মৌসুমই থাকবেন বাইরে। নতুন আসা শাহেদ, রানা, মোস্তাক, নাসিরউদ্দিন, শাকিল, সৈকত, আরিফ, শেষ মুহূর্তে মোহামেডান থেকে আসা হাসান আল মামুনদের ওপর দায়িত্ব শেখ জামালের পতাকা ওড়ানোর। সঙ্গে আছেন অরূপ, ইয়ামিন, রায়হান। বিদেশি খেলোয়াড় সংগ্রহ খারাপ নয়। আফ্রিকান সানডে, মাইক, ওকেমিরিসের সঙ্গে যোগ দিয়েছেন আফ্রিকান স্ট্রাইকার ওজোরুম্বা। ওজোরুম্বা নাকি নাইজেরিয়ার প্রিমিয়ার লিগের খেলোয়াড়। যদিও ওই মানের ফুটবলার বাংলাদেশে আসেন এটা বিশ্বাস করাই কঠিনই। যা-ই হোক, দল নিয়ে খুশি অধিনায়ক শরিফ। দলবদলের আনুষ্ঠানিকতা শেষে বললেন, ‘গতবারের চেয়ে শক্তিশালী দল হয়েছে এবার। আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দেব।’ কোচ যোসেফ আপুসি। গতবার খেলোয়াড় হিসেবে এসে মূলত কোচ আবু ইউসুফের সহকারী ছিলেন এই নাইজেরিয়ান, এবার কোচ। দল নিয়ে আশাবাদী আপুসি বললেন, ‘সব দিক দিয়েই আমাদের দলটা ভারসাম্যপূর্ণ।’তবে যোসেফ কত দিন টিকতে পারবেন, সেটা প্রশ্নসাপেক্ষ। গত দুই মৌসুমে চারজন কোচ পাল্টেছে শেখ জামাল!