ভাঙা মন জোড়া লাগবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের বিপক্ষে পরাজয়ের হতাশা পেছনে ফেলে অনুশীলনে নামার প্রস্তুতি এমিলি-মিঠুনদের। কাল কাঠমান্ডুর পুলিশ সদর দপ্তর মাঠে শামসুল হক
নেপালের বিপক্ষে পরাজয়ের হতাশা পেছনে ফেলে অনুশীলনে নামার প্রস্তুতি এমিলি-মিঠুনদের। কাল কাঠমান্ডুর পুলিশ সদর দপ্তর মাঠে শামসুল হক

নেপাল ম্যাচ সত্যিই শোকের মাতম তুলেছে বাংলাদেশ দলে। কুড়ি হাজারের বেশি সমর্থকের করতালির তোড়ে পরশু অনেকটা ফ্যাকাশে হয়ে গেল লাল-সবুজের স্বপ্ন। ২০০৩ সালের পর এক ডাচের হাত ধরে সাফ মুকটু মাথায় তোলার যাবতীয় অপেক্ষায়ও দিয়েছে অনেকটা জল ঢেলে। আগামীকাল ভারতকে হারিয়ে কাঠমান্ডুর এই ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ মঞ্চে’ টিকে থাকার আকুতিই এখন আছড়ে পড়ছে হিমালয়ের গায়ে।

অসম্ভব কিছু হয়তো নয়। ভারত এমন বাঘ নয় যে তাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া পৃথিবীর দুরূহতম কাজ। কিন্তু নেপালের কাছে ২-০ গোলে হার এমনই বড় ধাক্কা যে ছন্নছাড়া অচেনা বাংলাদেশ দল চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটি এখন কোটি টাকার চেয়েও দামি প্রশ্ন।

 এরই মধ্যে নেপালে আসা অনেকে বাড়ি ফেরার জন্য ব্যাগপত্তর গোছানোর কাজে নেমে পড়েছেন। স্বাগতিক দলের বিপক্ষে জাহিদদের কুৎসিত ফুটবল দেখার পর লজ্জা পেয়েছে লজ্জাবতীগাছও!

সেই ভয়ংকর সন্ধ্যার তাজা দুঃস্মৃতি তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। একেকটি মুখ দেখে মনে হচ্ছে, প্রিয়জনকে হারানোর ব্যথায় কাতর। ‘পরদেশি’ লোডভিক ডি ক্রুইফকেও সেটি ছুঁয়ে গেছে। সকালে অনুশীলন মাঠে কোচ ডি ক্রুইফকে একবার জিজ্ঞেসও করা হলো, রাতে ঘুমাতে পেরেছেন?

চিন্তিত কোচ লোডভিক ডি ক্রুইফ, কাল অনুশীলনের পর  প্রথম আলো
চিন্তিত কোচ লোডভিক ডি ক্রুইফ, কাল অনুশীলনের পর প্রথম আলো

ডাচ ভদ্রলোক, ‘নো’ বলে ব্যাখ্যা করলেন কারণটাও, ‘এমন হারের পর আসলে রাতে ঘুমানো যায় না!’ প্রশ্নকর্তা সাংবাদিককে উল্টো তাঁর প্রশ্ন, ‘আপনার রাতে ঘুম হয়েছে?’নির্ঘুম রাত কাটিয়ে বিউগলের অন্তিম সুর শুনতে শুনতেই সকাল বেলা নেপাল পুলিশ মাঠে অনুশীলন করতে এল বাংলাদেশ। কিন্তু দলের সেই জেল্লা কই? হাসি কই? তার ওপর চোটের তালিকা আরও লম্বা। পরশু শেষ ১৫ মিনিট নামানো হয়েছিল স্ট্রাইকার শাখাওয়াত রনিকে। তাঁর কুঁচকির চোট নাকি আরও বেড়েছে। কাজেই বাকি সবাই অনুশীলন করলেও তিনি মাঠের বাইরে। ভারত ম্যাচে তাঁকেও পাওয়া যাচ্ছে না। ডিফেন্ডার লিংকন চোট নিয়েই খেলেছেন। এখনো ১০০ ভাগ ফিট নন। ভাগ্য ভালো, গোলরক্ষক মামুন খান হালকা চোট পেলেও তাঁর খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।বাংলাদেশ দলের আলাপ এখন একটাই—চোট। গোলরক্ষক সোহেল তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। সোহেল রানা কালকের ম্যাচের জন্য মোটামুটি তৈরি হলেও অধিনায়ক এবং দলের মূল ভরসা প্লে-মেকার মামুনুল ইসলাম জীবন-মরণ ম্যাচেও থাকবেন বেঞ্চে। হাঁটুর ব্যথা পুরোপুরি না সারায় তাঁর না খেলার সম্ভাবনা  ৯০ ভাগ। নিজেই তা বললেন. ‘ভারত ম্যাচেও আমাকে সম্ভবত বেঞ্চেই কাটাতে হবে মনে হচ্ছে।’আর কোনো দলে চোট-সমস্যা নেই। যত আপদ-বিপদ সব বাংলাদেশ দলের ওপর আছর করেছে! বাংলাদেশের খেলোয়াড়েরা নাকি সাত-আট সপ্তাহ অনুশীলন-ক্লান্ত। ক্লান্তিই তাঁদের চোটে ফেলছে। হয়তো তাই। কিন্তু এই পর্যায়ের ফুটবলে তথাকথিত ক্লান্তি একটা দলকে এমন দুমড়েমুচড়ে দেবে? অবিশ্বাস্য!ডি ক্রুইফকে দেখাচ্ছে অসহায়। একটা একাদশই তো দাঁড় করাতে পারলেন না আজও! অনুশীলনে যে একাদশ খেলিয়েছেন, পরশু খেলাতে বাধ্য হলেন অন্য একাদশ। ভারত ম্যাচে বেছে নিতে হবে আরেকটি। দলীয় সমন্বয় আর খেলোয়াড়দের বোঝাপড়া বলে কিছু তৈরি হচ্ছে কি?সোজা উত্তর—‘না’। এই দল দুই মাস একসঙ্গে অনুশীলন করল ঠিকই, কিন্তু নেপাল ম্যাচে গোল করার মতো একটা ভালো পাস পর্যন্ত নেই। একটা ক্রস নেই। এই দৃশ্য দেখতে কেমন লাগছিল নিয়মিত অধিনায়ক মামুনুলের? প্রশ্ন করলে জবাব, ‘আমার কান্না আসছিল। ম্যাচ শুরুর আগে তো কেঁদেই ফেলেছিলাম। এমন দিনে আমি খেলতে পারলাম না। আসলে ওদের ২০ হাজার দর্শকের চিৎকারে আমাদের খেলোয়াড়েরা মাঠে নিজেদের মধ্যে কিছুই বলতে পারছিল না। কেউ কারও কথা শুনতে পায়নি।’দর্শক-সমর্থনই নেপালকে জেতাল, এটা বলা অন্যায়। নেপাল খেলেছেও দারুণ। কাল কাঠমান্ডুর সব কাগজের প্রথম পাতাতেই তাই ফুটবল দলের প্রশংসা। মজার ব্যাপার, বর্তমান কোচ জ্যাক স্টিফেনস্কির অধীনে ষষ্ঠ ম্যাচে এসে এটিই নেপালের প্রথম জয়। সেটিও বাংলাদেশকে একেবারে গুঁড়িয়ে দিয়ে।কোচ ডি ক্রুইফ তবু আশা ছাড়ছেন না। নিজের বড় কাজ মানছেন খেলোয়াড়দের উদ্বুদ্ধ করাটাকেই, ‘খেলোয়াড়েরা সবাই আমার কাছে নেপাল-ম্যাচের পারফরম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করেছে। আমি তাদের সুযোগ দিতে চাই। এবং এই মুহূর্তে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা করার চেষ্টা করছি।’ কিন্তু কতটা চাঙা হবে কে জানে। পরশু খেলা দেখে গতকালই ভাঙা মন নিয়ে কাঠমান্ডু ছেড়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ঢাকা থেকে ফোনে বললেন, ‘মায়ের মৃত্যুর মতো শোকগ্রস্ত আমি।’ সালাউদ্দিনের ভাঙা মন জোড়া লাগাটা জরুরি। তিনি উৎসাহ হারিয়ে ফেললে যে সবই শেষ!