ভাঙা সাইকেল নিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিওর বিএমএক্স ট্র্যাকে যখন হুড়মুড় করে পড়লেন, নিয়েক কিম্যানস একটু ভয় তো পেয়েছিলেনই। হাড়গোড়ই ভেঙে যায়নি তো? ডাচ সাইক্লিস্টের সৌভাগ্য যে সেটি হয়নি। নিজে বেঁচে গেছেন, তবে ভেঙে তিন টুকরো হয়ে যায় তাঁর সাইকেলটি। রেস শেষ হতেও তখন অনেকটা বাকি।
অলিম্পিক সোনার স্বপ্নটাও প্রায় ভেঙে যেতে বসেছিল, তবে হয়নি। উল্টো দুর্দান্ত এক গল্পই লিখেছেন কিম্যান, ভাঙা সাইকেল হাতে নিয়েই পেরিয়েছেন বাকি পথটুকু। উঠে গেছেন অলিম্পিকের বিএমএক্স সাইক্লিংয়ের সেমিফাইনালেও!
সোনা জেতার জন্য এমনিতে ফেবারিটদের একজন, ২০১৫ সালে বিএমএক্সের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু রিওতে পরশু ইভেন্টে নিজের হিটের দ্বিতীয় রেসে হঠাৎই সব গুবলেট পাকিয়ে বসল। রিওর ৩৯৯ মিটারের উঁচু-নিচু ট্র্যাকে হুমড়ি খেয়ে পড়লেন কিম্যান। ২০ বছর বয়সী ডাচ সাইক্লিস্ট বললেন, ‘সবকিছু স্লো-মোশন মনে হচ্ছিল। ভাবছিলাম, ‘সব শেষ! আমার প্রথম অলিম্পিক, যাত্রাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে।’ কিন্তু কিম্যানের গল্পটা ‘শেষ হইয়াও হইলো না শেষ’, পড়ে গিয়েও দারুণভাবে উঠে দাঁড়ান তিনি।
উঠেই তাঁর প্রথম কাজ ছিল কিছুটা দূরে ছিটকে যাওয়া সাইকেল খুঁজে বের করা। না করলেও চলত, সামনের চাকা ততক্ষণে সাইকেলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। কী আর করা, বাকি অংশটা ‘বগলদাবা’ করেই দৌড়ে ফিনিশিং লাইন ছুঁয়েছেন কিম্যান। যদিও সময় লেগেছে বিজয়ীর চেয়ে এক মিনিটেরও বেশি।
তবে ওখানেই থেমে যাননি, নতুন সাইকেল নিয়ে পরের রেসে নেমে তৃতীয় হয়েই পেয়েছেন সেমিফাইনালের টিকিট। গতকাল রাতেই সেই সেমিফাইনাল হওয়ার কথা। সেটিতে টিকলে সোনার এক ধাপ কাছে চলে যাবেনকিম্যান। রয়টার্স।