আইসিসির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিস্ময়করভাবে প্রস্তাবকে সমর্থন করছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কড়া প্রতিবাদ জানিয়ে এই প্রস্তাবকে বলেছে ‘দুরভিসন্ধি।’ আর বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছেন, প্রস্তাবের বিস্তারিত দেখার পর আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি।
বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোর্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব সব দেশের বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলেই দাবি করেছে খবরটি ফাঁস করা ওয়েবসাইট ক্রিকইনফো। তবে নাজমুল হাসান কাল জানালেন, দুবাইয়ের বোর্ডসভায় শুধু ইঙ্গিতই পেয়েছেন তাঁরা, ‘প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে আমাদের। দুবাইয়ের সভায় আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল এমন কিছুর, কিন্তু পুরো বিষয়টি জানানো হয়নি।’ নিজেদের ভবিষ্যৎ করণীয় নিয়েও খানিকটা অনিশ্চিত বিসিবি-প্রধান, ‘আমরা নিজেরা তো কিছু করতে পারি না। আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু অন্য ৯ দেশ এক পক্ষে থাকলে তো আমাদের কিছুই করার থাকবে না। পুরো প্রস্তাবটি বিস্তারিত দেখে আমাদের মতো অবস্থায় যারা আছে তাদের সঙ্গে কথা বলে এরপর দেখতে হবে কী করা যায়।’
‘বড়’ তিন দেশের বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাব ফাঁস হওয়ার পর শনিবার লাহোরে সভায় বসেছিলেন পিসিবি-কর্তারা। সভায় উপস্থিত এক সদস্য পিটিআইকে বলেছেন, ‘পিসিবির গভর্নিং বোর্ড একমত যে ওই তিন বোর্ডের প্রস্তাবের ব্যাপারটি ভীষণ সংবেদনশীল। পিসিবির উচিত ভালো প্রস্তুতি নিয়ে আইসিসির সভায় যতভাবে পারা যায় প্রস্তাবের বিরোধিতা করা।’ প্রস্তাব পাস হওয়া ঠেকাতে যেকোনো পথ বেছে নিতে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফকে অনুমতি দিয়েছে গভর্নিং বোর্ড। পিসিবির আরেকটি সূত্র পিটিআইকে বলেছে যে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাববিরোধী শক্ত একটা জোট গড়ার চেষ্টা করবে পিসিবি।
তবে জোট গড়ে ওঠার আগেই এসেছে একটি ধাক্কা। নিউজিল্যান্ড ক্রিকেট দাঁড়িয়ে গেছে তাসমান প্রতিবেশীদের পাশে! আইসিসির দুবাই বৈঠকে নিউজিল্যান্ডের প্রতিনিধি ছিলেন যিনি, সেই বোর্ড সদস্য ও সাবেক পেসার মার্টিন স্নেডেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বড় তিন বোর্ডের প্রস্তাবে নিউজিল্যান্ড ক্রিকেটের খুব একটা অসুবিধা হবে না এবং পিছিয়েও পড়বে না!
পর্দার আড়ালের কোনো কারণেই হয়তো সাহস করে সত্যটা বলতে পারেননি বোর্ড-কর্তারা। তবে নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রধান হিথ মিলস ঠিকই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি জানতে পেরেছিলাম যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট বোর্ড-প্রধানরা গত কয়েক মাসে নিয়মিতই একসঙ্গে বসেছেন এবং ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণের দুরভিসন্ধি করেছেন। দুশ্চিন্তার অনেক কিছুই তাই আছে।’
আসছে ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির ত্রৈমাসিক সভায় তিন ক্রিকেট বোর্ডের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। তথ্যসূত্র: ওয়েবসাইট।