ভাবছেন না নাসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরের মুখের হাসিটা কি চ্যালেঞ্জ সিরিজে ‘এ’ দলের নেতৃত্ব পাওয়ায়, নাকি জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনায়? আসলে শুধু নাসির নন, কাল মিরপুরে অনুশীলন পর্বটা যে দলের বাকিরাও বেশ উপভোগ করেছেন, সেটা তো বোঝাচ্ছে এই ছবিটাই  প্রথম আলো
নাসিরের মুখের হাসিটা কি চ্যালেঞ্জ সিরিজে ‘এ’ দলের নেতৃত্ব পাওয়ায়, নাকি জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনায়? আসলে শুধু নাসির নন, কাল মিরপুরে অনুশীলন পর্বটা যে দলের বাকিরাও বেশ উপভোগ করেছেন, সেটা তো বোঝাচ্ছে এই ছবিটাই প্রথম আলো

অধিনায়কত্বের মেয়াদ ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত বাড়লেও আপাতত কোনো ডেপুটি নেই মুশফিকুর রহিমের। বাতাসে যে কটি নাম ভাসছে, তাঁদের একজনের নেতৃত্বগুণ খুব কাছ থেকে দেখার সুযোগ মিলবে আজ থেকেই। টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন নাসির হোসেন। সেদিক থেকে চ্যালেঞ্জ সিরিজটি নাসিরের জন্য সত্যিই চ্যালেঞ্জ। তবে মনে যাই থাকুক নাসির মুখে বলছেন, সহ-অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না খুব একটা।
নেতৃত্বের অভিজ্ঞতা এমনিতে নাসিরের জন্য নতুন নয়। অনূর্ধ্ব-১৩ ও ১৫ পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে নেতৃত্ব দিয়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। গুঞ্জন আছে, জাতীয় দলের অপরিহার্য অংশ নাসিরকে ‘এ’ দলে খেলানো হচ্ছে নেতৃত্বটা আরেকটু পরখ করার জন্যই। এমন একটা সুযোগ পেয়ে নাসিরের রোমাঞ্চিত না হওয়ার কারণ নেই। তবে সেই রোমাঞ্চ খুব একটা প্রকাশ করলেন না, ‘এবার প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করলাম। নেতৃত্বটা আমি উপভোগ করি। ‘এ’ দলের অধিনায়ক হলাম এই প্রথম, ভালো লাগছে। তবে এটাকে সুযোগ ভাবছি না, ওসব চিন্তাই করছি না। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ভালোভাবে পূরণ করার চেষ্টা করব।’
সহ-অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে থাকার গুঞ্জনটাকেও খুব একটা পাত্তা দিচ্ছেন না নাসির। জানালেন, বিসিবি আনুষ্ঠানিকভাবে কথাও বলেনি এ নিয়ে। যদি পেয়েই যান সহ-অধিনায়কত্ব? ‘পেয়ে গেলে তো পেয়ে গেলাম। সেটা কেমন হবে আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না।’ বললেন বটে এসব নিয়ে কথা বলতে চান না। তবে বলেই যে হাসিটা ফোটালেন মুখে, ভেতরের রোমাঞ্চটাও ফুটে উঠল যেন তাতেই!