ভাবতে হবে ওঁদের নিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের এই দলে এ বছরের সফলতম টেস্ট বোলার কে?সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি (৩৯) কেমার রোচ এই সিরিজে নেই চোটের কারণে। বেশ কটি নাম তাই চোখে ভাসতে পারে—রামপল, এডওয়ার্ডস, স্যামি...। কিন্তু উত্তরটা জানলে একটু চমকেই যাবেন—নারসিং দেওনারায়ণ! একটু-আধটু যা পরিচিতি, সেটা ব্যাটসম্যান হিসেবেই। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন গত এপ্রিলে। এরপর ৯ ইনিংসে ৫০ ছুঁয়েছেন মাত্র দুবার। তার পরও বাঁহাতি ব্যাটসম্যান দলে জায়গা ধরে রাখতে পেরেছেন বোলিংটার কারণেই। অফ স্পিনে নিয়েছেন ১৫ উইকেট। খণ্ডকালীন স্পিনার হয়ে উঠেছেন দলের আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। ড্যারেন স্যামির রণপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইলেরও। ওয়েস্ট ইন্ডিজের বোলিং বৈচিত্র্য নিয়ে আলোচনার শেষ নেই। এডওয়ার্ডসের গতি, রামপলের বাউন্স, স্যামির সুইং, নারাইনের রহস্য...কিন্তু রামপল-নারাইনদের সামলানোয় সব মনোযোগ দিয়ে না আবার ওই খণ্ডকালীনদের বোলিংয়েই কুপোকাত হতে হয় বাংলাদেশকে!বাংলাদেশ বলেই শঙ্কাটা থাকছে। তিক্ত অভিজ্ঞতা তো কম নেই! ভাবনার জগৎটায় মূল বোলারদের আশ্রয় দিয়ে নানা সময়ে গ্রান্ট ফ্লাওয়ার, রবিন পিটারসন, তিলকরত্নে দিলশান কিংবা ডগলাস ম্যারিলিয়ারও ‘বিধ্বংসী’ বোলার হয়ে গেছেন বাংলাদেশের বিপক্ষে। বল হাতে সম্প্রতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও ভুগিয়েছেন দেওনারায়ণ-স্যামুয়েলসরা। বাংলাদেশের ব্যাটসম্যানদেরও না ভোগানোর কারণ নেই।অধিনায়ক স্যামি তো খণ্ডকালীনদের আক্রমণে বড় অস্ত্রই মানছেন, ‘দলের সব স্পিনার ও পার্টটাইমারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দলে। যদি জানি আমার হাতে এমন কজন আছে, প্রয়োজনের সময় যাদের দিকে আমি তাকাতে পারি, যারা রান আটকানো বা উইকেট নেওয়ার কাজটা ভালোভাবে করতে পারে, অধিনায়ক হিসেবে আমার জন্য সেটা বড় এক স্বস্তি।’ এই তিন খণ্ডকালীন বোলারের ক্ষেত্রে একটা মিল আছে—তিনজনই অফ স্পিনার। বোলিংয়ের ধরনে আবার দেওনারায়ণ খানিকটা আলাদা। প্রথাগত অফ স্পিনারের মতোই ফ্লাইট দেন, টার্নও আছে। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে পেয়েছিলেন ৬ উইকেট। স্যামুয়েলস-গেইল আবার একটু জোরের ওপর বোলিং করেন, সীমিত ওভারের ক্রিকেটেই তাই এই দুজন বেশি কার্যকর। তবে সাদা পোশাকেও সাফল্য কম নেই। সব সংস্করণ মিলিয়ে এ বছর ২৫ উইকেট নিয়েছেন স্যামুয়েলস। গেইল মাত্রই দলে ফিরলেন। কিন্তু বল হাতে তাঁর কার্যকারিতাও প্রমাণিত। টেস্টে ৭২টি উইকেট আছে, ইনিংসে ৫ উইকেটও আছে দুবার। তবে আধুনিক ক্রিকেটে দৃষ্টির আড়ালে থাকে না কিছুই। ক্যারিবীয় খণ্ডকালীন বোলারদের সাম্প্রতিক সাফল্য যেমন নজর কেড়েছে বাংলাদেশ দলেরও। অধিনায়ক মুশফিকুর রহিমের দেখা গেল সব তথ্যই জানা, ‘দেওনারায়ণ তো শেষ ইনিংসেও ৪ উইকেট পেয়েছে। ওদের পার্টটাইমারদের ব্যাপারটা আমরা খেয়াল করেছি। আলোচনাও হয়েছে, ভিডিও ফুটেজ দেখেছি।’ একটা পাল্টা হুমকিও দিয়ে রাখলেন, ‘আমাদেরও পার্টটাইমার আছে!’মুশফিকদের ‘পার্টটাইমারদের’ নিয়ে স্যামিরা ভাবছে বলে মনে হয় না। তবে স্যামিদের পার্টটাইমাররা কিন্তু মুশফিকদের জন্য সত্যিই বড় হুমকি!