ভাবনা আছে শ্রীলঙ্কারও!

খুঁড়িয়ে চলছে দুদলই। পার্থক্য হলো, খুঁড়িয়ে খুঁড়িয়েও শ্রীলঙ্কা গন্তব্যটা ছুঁতে পারছে শেষ পর্যন্ত। বাংলাদেশ মুখ থুবড়ে পড়ছে কাছে গিয়ে। তাতে শুধু বাংলাদেশের ব্যর্থতা নিয়ে আলোচনা চলতে থাকায় শ্রীলঙ্কার খুঁড়িয়ে চলা আড়ালে পড়ে গেছে অনেকটাই। কোনোক্রমে জয়ে হয়তো স্বস্তি পেতে পারে শ্রীলঙ্কা, কিন্তু তৃপ্তি কতটা আছে? টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দলকে যদি ১০ নম্বর দলের বিপক্ষে টানা দুই ম্যাচে শেষ বলে জিততে হয়, ওয়ানডের চার নম্বর দল যদি হারের মুখ থেকে জেতে ৯ নম্বর দলের বিপক্ষে, তৃপ্তির চেয়ে শঙ্কাটাই বেশি থাকার কথা।
ভেতরের খবর জানা মুশকিল, তবে লঙ্কানদের কথায় সেই শঙ্কাটা খুব একটা ধরা পড়েনি গত কয়েক দিনে। রঙিন পোশাকের তিনটি ম্যাচের ময়নাতদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ বলবে, শ্রীলঙ্কা যতটা না জিতেছে, তার চেয়ে বেশি হেরেছে আসলে বাংলাদেশ। পরশু কোচ পল ফারব্রেস অবশ্য একবার বলেছেন যে উন্নতির জায়গা তাদের অনেক আছে। কিন্তু শিষ্যদের লড়াকু মনোভাব, হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনা, চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারা দেখেই বেশি উচ্ছ্বসিত কোচ। এগুলোও খেলারই অংশ, একটা দলের চরিত্র ফুটে ওঠে এতে। কিন্তু টানা তিন ম্যাচে যখন শেষে গিয়ে ‘চরিত্র ফুটিয়ে’ তুলতে হয়, আগের সময়টুকুর চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে।
এই শ্রীলঙ্কাকে দেখে মনে হচ্ছে জিততে পেরেই খুশি। আগের ম্যাচে জয়ের পর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস যেভাবে বাঁধনহারা উদ্যাপনে মেতে উঠলেন, পরে সংবাদ সম্মেলনে বললেন ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’, লঙ্কানদের ভেতরের ছবিটা প্রকাশ্য হয়ে উঠেছে যেন তাতেই। সেটার প্রতীকী হিসেবেই যেন কাল শ্রীলঙ্কার সংবাদ সম্মেলনে এলেন সাচিত্রা সেনানায়েকে, গত দুই ম্যাচে লঙ্কার শেষের নায়ক। শেষ টি-টোয়েন্টিতে বল হাতে থামিয়েছিলেন এনামুল ও সাকিবের ঝড়, ওই দুই উইকেটের পর শেষ বলে বাংলাদেশের হূদয় ভেঙে দেওয়া সেই চার। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৬৭ রানে ৮ উইকেট হারানোর পর থিসারা পেরেরার সঙ্গে ৮২ রানের সেই জুটি, যাতে তাঁর অবদান মহামূল্য ৩০। পরে বল হাতে ১ ওভারেই ২ উইকেট নিয়ে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়।
কদিন আগে শারজায় নয়ে নেমে ২৪ বলে ৪২ করে অবিশ্বাস্য এক জয় প্রায় এনেই দিয়েছিলেন দলকে। ৩২৩ রান তাড়ায় শ্রীলঙ্কা সেদিন হেরেছিল ১১ রানে। বাংলাদেশে এসেও দলের টপ ও মিডল অর্ডার ধুঁকতে থাকায় নিজের ব্যাটিং সামর্থ্যটা আবার দেখানোর সুযোগ পেয়েছেন সেনানায়েকে। এবার দুই ম্যাচেই জিতিয়েছেন দলকে। সুযোগটা পাওয়ায় নিজেকে ভাগ্যবান মানছেন সেনানায়েকে নিজেও, ‘অনেক সময়ই আমাকে দলের বিপর্যয়ে ব্যাটিং করতে হয়েছে। খেলতে হয়েছে চাপ নিয়েই। চাপ জয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবানই মনে হচ্ছে।’
যথারীতি শেষ দুই ম্যাচে দলের ব্যাটিং-ব্যর্থতাকে খুব বড় করে দেখতে চাননি। সাঙ্গাকারা-দিলশানদের পাশাপাশি দলের তরুণেরাও জ্বলে উঠবেন বলে আশাবাদ শোনালেন। তবে বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে ভালোই ভোগাচ্ছে, সেটি অবশ্য স্বীকার করলেন, ‘বাংলাদেশ দল অনেক ভালো ক্রিকেট খেলছে। প্রতিদিনই আমরা দেখছি ওরা কিছু না-কিছু উন্নতি করছে। ওদের কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমরা হয়তো ম্যাচ জিতে চলেছি, তবে বাংলাদেশ আমাদের অনেক চাপে রেখেছে।’
অথচ একটু এদিক-সেদিক হলে তিনটি ম্যাচই জিততে পারত বাংলাদেশ। তখন সেনানায়েকেদের চাপকে জয় করার গল্পই হয়ে থাকত আক্ষেপের আখ্যান। খুঁড়িয়ে হোক আর প্রবল বেগে ছুটে, দিন শেষে লক্ষ্য ছোঁয়াটাই যে আসল!