সেঞ্চুরি করলেও যেমন, শূন্য রানে আউট হলেও তেমন। জিতলেও যেমন, হারলেও তেমন। আবেগ বলে কোনো কিছু আছে, বীরেন্দর শেবাগকে দেখলে বোঝা মুশকিল। নিরাবেগ ভঙ্গিতে যেমন কোনো হাসির কথা বলে ফেলেন, একই ভঙ্গিতে অপ্রিয় সত্যি কথাও। এটা তাই খুবই স্বাভাবিক যে ‘প্রতিশোধের ম্যাচ’ জেতার পরও বাড়তি কোনো উচ্ছ্বাস বা আবেগের লেশমাত্র দেখা গেল না শেবাগের মধ্যে। এত দিন ধরে এই ম্যাচ নিয়ে এত কথা, বুকের ভেতর পুষে রাখা যন্ত্রণা, সেই ম্যাচ এমন দাপুটে জয়ের পর প্রতিশোধ কী হলো? ‘আই থিংক সো’—শেবাগের এক কথার উত্তর। ৫০ ওভার খেলার কথাই ধরুন না। ১১ ফেব্রুয়ারি বলেছেন, এরপর প্রথম ম্যাচেই প্রায় ইচ্ছা পূরণ হয়েই যাচ্ছিল। এত কাছে গিয়েও মুহূর্তের ভুলে হাতছাড়া হওয়ায় কোনো আফসোস নেই, ‘৪৭ ওভার খেলতে পেরেছি, এটাই কী কম নাকি? ৫০ ওভার যদি কখনো নাও খেলা হয়, তাহলে অন্তত বলতে পারব জীবনে একবার ৪৭ ওভার খেলেছিলাম।’ ভাবতে পারেন এসব শুধু নিজেকে সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা। কিন্তু শেবাগকে চিনে থাকলে বা বলার ভঙ্গিটা দেখলেই বুঝতেন, এই লোক যা বলছে, সেটাই মনের কথা।এ জন্যই বিশ্বাস করতে হয় ডাবল সেঞ্চুরির কথাটাও। এত কাছে গিয়েছেন, দ্বিশতকের ভাবনা মাথায় না এসে পারেই না। সঙ্গী হওয়ার কথা আফসোসও। কিন্তু তিনি যে শেবাগ, ‘তিন ওভারে আমার ২৫ রান দরকার ছিল, মানে অন্তত ১৫টি বল খেলতে হতো আমাকে। কাজটা খুব কঠিন ছিল। আমি তাই ডাবল সেঞ্চুরির ভাবনা মাথাতেই ঢোকাইনি। লক্ষ্য ছিল শেষ পর্যন্ত থাকা। থাকলে হয়তো হতেও পারত, নাও হতে পারত।’ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের উড়িয়ে দিলেও অবশ্য গত সফরের মতো মুখে উড়িয়ে দেননি, ‘বাংলাদেশ যথেষ্ট ভালো দল, বিশেষ করে ওয়ানডেতে। ওরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা জানে। যেকোনো টেস্ট দলকে হারিয়ে দেয়ার সামর্থ্য ওদের আছে।’ টসের সময় অধিনায়ক মহেন্দ্র সি ধোনি যেমন বলেছিলেন, টস নিয়ে একই কথা শোনা গেল সহ-অধিনায়কের কণ্ঠেও, ‘টস জিতলে আমরাও ফিল্ডিং নিতাম, এমন সিদ্ধান্তই হয়েছিল। কারণ, আমাদের ধারণা ছিল, রাতে শিশির থাকতে পারে। কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। টস হারাটা খারাপ হয়নি!’সংবাদ সম্মেলনের শেষটাও হলো ‘শেবাগীয়।’ এমনিতেই প্রতিপক্ষ অধিনায়ক-কোচদের ভাবনার বেশির ভাগ জুড়ে থাকেন শেবাগ। কালকের ইনিংসের পর সবার নিশ্চয়ই আরও বেশি সময় ব্যয় হবে শেবাগ-বধ পরিকল্পনায়? শুনে শেবাগ হাসেন, ‘আমার কাজ হলো খেলা আর রান বানানো। আমার ভাবনাও শুধু সেটাই!’