ভাবনায় টেনিসের বিশ্বকাপ
আগামী ১৮ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। এবারের টুর্নামেন্ট একটু বাড়তি গুরুত্ব পাচ্ছে খেলোয়াড়দের কাছে। কারণ টেনিসে বিশ্বকাপ প্রবর্তনবিষয়ক আলোচনাটা এখানেই করবে এটিপি খেলোয়াড় কাউন্সিল, যেটির প্রধান রজার ফেদেরার।সত্যিই তো, ফুটবল, ক্রিকেটে বিশ্বকাপ হলে টেনিসে নয় কেন? ৩২ জাতির খেলোয়াড়দের নিয়ে দ্বিবার্ষিক এমন একটি ‘টেনিস মহাযজ্ঞ’ হতে পারে বলে মনে হয়েছে এটিপি কাউন্সিলের সদস্য নোভাক জোকোভিচের। ডেভিস কাপের বদলে এমনটি করা যেতে পারে।যতদূর জানা গেছে, ১০ দিনের একটি টুর্নামেন্ট হবে, যাতে অংশ নেবে ৩২টি দেশ। মেলবোর্নে কুইয়ং ক্লাসিক টুর্নামেন্টে খেলতে আসা সার্বিয়ান তারকা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি, ‘ব্যাপারটা এখনো ভাবনার মধ্যেই আছে। এখনো আনুষ্ঠানিকভাবে আমরা কিছু ভাবিনি। কারণ এর সঙ্গে অন্য অনেক বিষয়ও জড়িত।’ তাঁর মতে, ‘এটা হলো শুরুর কথা। স্পনসর ছাড়া কোনো টুর্নামেন্টই হয় না, আর টুর্নামেন্ট ছাড়া খেলোয়াড়েরাও বাঁচতে পারে না। কিন্তু খেলোয়াড়েরা এখানে একটা বড় ভূমিকা পালন করবে। এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’ ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে অবশ্য জোকোভিচের এই পরিকল্পনা দারুণভাবে স্বাগত জানিয়েছেন, ‘আমি ডেভিস কাপের বড় ভক্ত। কিন্তু এটা যদি বন্ধের বা বদলের কোনো চিন্তাভাবনা করা হয় এবং সেটা যদি হয় বিশ্বকাপ তাহলে তো কথাই নেই।’ এএফপি।