ভাবমূর্তি রক্ষায় মরিয়া চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের চেতনা সমুন্নত রাখতে সম্ভাব্য সবকিছুই করবে চীন—লন্ডন অলিম্পিক শুরুর আগে চীনের ডেপুটি শেফ দ্য মিশন জিয়াও টিয়ানের কথাটা ঘুরেফিরে আসছে। কারণ অলিম্পিক চেতনা সমুন্নত রাখতে পারেনি চীন। শুরু থেকেই বিতর্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বিশ্বক্রীড়ার এই পরাশক্তিকে। সাঁতারে বিস্ময়বালিকা ইউ শিউয়েনের সোনা জেতার পর শুরু হয়ে যায় কানাঘুষা, এমন অবিশ্বাস্য সাঁতারের নেপথ্যে কি তবে ডোপিংই আছে? শিউয়েন সেটি অস্বীকার করেছেন। তা ছাড়া ডোপ টেস্ট প্রতিদিনই হচ্ছে, এ ধরনের হওয়াই অনুমান বা গুঞ্জন হয়তো ধোপে টেকে না। কিন্তু বিতর্কের আঁচ থেকে বাঁচা দূরে থাক, উল্টো নতুন নতুন বিতর্কেই জড়িয়ে যাচ্ছে চীন। এই লন্ডন অলিম্পিকেই ব্যাডমিন্টন-কেলেঙ্কারির পর আরও বড় হইচই পড়ে যায়। চীনের ব্যাডমিন্টন কোচ অবশ্য নিজেদের দায়টাও স্বীকার করে নিয়েছেন, প্রধান কোচ হিসেবে ক্ষমা চেয়েছেন চীনের টিভি দর্শক ও ব্যাডমিন্টনের সমর্থকদের কাছে। ঘটনাটা গ্রুপ পর্বের শেষ ম্যাচে। আগেই শেষ আটে উঠে যাওয়া চীনা জুটি করল কাণ্ডটা। স্বদেশি জুটিকে সেমিতে ওঠার লড়াইয়ে এড়ানোর জন্যই বিস্ময়করভাবে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ কোরিয়ার জুটির কাছে হেরে যায় তারা। এই কেলেঙ্কারির মাশুল দিতে হয় অলিম্পিক থেকেই বাদ পড়ে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া কড়া সমালোচনা করেছে এই কাণ্ডের, চীনা কর্তৃপক্ষও স্বীকার করতে বাধ্য হয়েছে, এ ঘটনা অলিম্পিকের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। এএফপি।