ভার তোলার অপেক্ষায় মাবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ জাতীয় ভারোত্তোলনে অংশ নিয়েছিলেন তিন বছর আগে। এরপর পুনেতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ভারতে দক্ষিণ এশিয়ান গেমস, উজবেকিস্তানে অলিম্পিক বাছাই, কাতারে আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিয়ে একাধিক পদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টেই খেলার সুযোগই হচ্ছিল না এত দিন।
সুযোগটা হবে কী করে? ফেডারেশন কোনো জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেনি। মাবিয়াদের জন্য সুসংবাদ—দীর্ঘ বিরতির পর নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব নিয়েই জাতীয় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ২৯ মার্চ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুরু হবে ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। চলবে ৩১ মার্চ পর্যন্ত।
জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যেন তর সইছে না মাবিয়ার, ‘অনেক দিন পর প্রতিযোগিতায় নামব, এটা ভেবেই ভীষণ রোমাঞ্চিত। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙতে চাই। আমার প্রস্তুতিটা খুব ভালো হয়েছে।’
সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় ৭৩ কেজি ও ৯৩ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন মাবিয়া। আগামী মে মাসে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবেন। এ প্রতিযোগিতাকে দেখছেন নিজেকে যাচাইয়ের মঞ্চ হিসেবে।