ভারত অলআউট ১৯১-তে, অস্ট্রেলিয়াও বিপদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিনে ১৩ উইকেটের পতন! সিডনি ক্রিকেট গ্রাউন্ডের শততম টেস্ট প্রথম দিনই দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর দিন শেষে অস্ট্রেলিয়াও তিন উইকেট হারিয়ে বসেছে ১১৬ রানেই। তবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থক্য হলো, ভারতের টপ অর্ডার যেখানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে পন্টিং ও মাইকেল ক্লার্ক ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। পন্টিং ও ক্লার্ক অপরাজিত আছেন যথাক্রমে ৪৪ ও ৪৭ রানে। অল্প রানে দল অলআউট হয়ে যাওয়ার পরেও বল হাতে খুব দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতের আত্মবিশ্বাস ফিরিয়েছেন জহির খান। তার প্রশংসাটা আলাদা করেই প্রাপ্য।সকালে ব্যাট হাতে মাঠে নেমে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই বিদায় নেন গৌতম গম্ভীর। শেবাগ মোটামুটি শুরুর পর ব্যক্তিগত ৩০ রানে বিদায় নেন। খুব তাড়াতাড়িই প্যাভিলিয়নের দিকে হাঁটেন দ্রাবিড়, লক্ষণ ও কোহলি। শচীন টেন্ডুলকার আরেকবার ব্যর্থ হলেন দলকে টেনে তুলতে, সেই সঙ্গে নিজের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি পেতে। ৪১ রানে আউট হয়েছেন ‘লিটল মাস্টার’। এরপর ধোনি ৫৭ রানে অপরাজিত থেকে মান বাঁচান দলের। টপ অর্ডারকে লজ্জা দিয়ে অশ্বিনও ২০ রান করে ধোনিকে দীর্ঘক্ষণ সঙ্গ দেন।অস্ট্রেলিয়ার পেসাররাই আজ ভারতের ব্যাটিং লাইনআপকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। প্যাটিনসন চারটি এবং সিডল ও হিলফেনহাস তিনটি করে উইকেট দখল করেন। সূত্র: রয়টার্স