একদিনের ক্রিকেটের অনেক শ্বাসরুদ্ধকর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্ম হয়েছে বিশ্বকাপের আসরে। ৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সেই টাই ম্যাচটার কথা তো অনেকেই এখনো ভুলতে পারেননি। তবে সবচেয়ে কম রানের ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছে এমন ম্যাচগুলোর মধ্যে বিশ্বকাপের রেকর্ডবুকের পাতায় সবার ওপর স্থান করে নিয়েছে দুটি ম্যাচ। ৮৭ বিশ্বকাপের তৃতীয় ম্যাচ ও ৯২ বিশ্বকাপের ১২তম ম্যাচ। পরপর দুটি বিশ্বকাপের এই ম্যাচ দুটিতে পাওয়া যাবে প্রচুর মিল। দুবারই প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া। প্রচণ্ড উত্তেজনাপূর্ণ ম্যাচ দুটিতে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচেই জয়-পরাজয়ের ব্যবধান মাত্র এক রান।৮৭ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দুই দল বিবেচনা করা হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়াকে। আগেরবারের শিরোপাজয়ী হিসেবে স্বাগতিক ভারতকে শিরোপার দৌড়ে কিছুটা এগিয়ে রেখেছিলেন অনেকেই। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে নিজেদের স্থায়ী আসন দখলের কথা জানান দিতে শুরু করেছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ৮৭ বিশ্বকাপের শুরুতেই তৃতীয় ম্যাচটার দিকে নজর ছিল সবারই। আর এই দর্শকদের একেবারেই হতাশ করেননি দুই দলের ক্রিকেটাররা।মাদ্রাজের চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কপিল দেব। কিন্তু দুই অসি ওপেনার ডেভিড বুন আর জিওফ মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করতে পারেননি কপিল দেবরা। উদ্বোধনী জুটিতেই তাঁরা সংগ্রহ করেন ১১০ রান। ডেভিড বুন ৪৯ রান করে শাস্ত্রীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লেও জিওফ মার্শ পৌঁছে যান শতকের দোরগোড়ায়। সাজঘরে ফেরার আগপর্যন্ত তিনি খেলেন ১১০ রানের অসাধারণ এক ইনিংস। সঙ্গে ডিন জোনসের ৩৫ বলে ৩৯ ও তরুণ স্টিভ ওয়াহর ১৭ বলে ১৯ রানের ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২৭০ রান।২৭১ রানের টার্গেটটা সে সময়ের পরিপ্রেক্ষিতে বেশ শক্ত টার্গেটই বলা চলে। তার পরও ভারতীয় ব্যাটসম্যানরা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। যে সুনীল গাভাস্কার প্রথম বিশ্বকাপে ১৭৬ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিরক্তি উত্পাদন করেছিলেন, সেই গাভাস্কার এই ম্যাচে করলেন ৩৭। তাও মাত্র ৩২ বলে! আরেক ওপেনার ক্রিস শ্রীশান্ত খেললেন ৭০ রানের একটি ঝলমলে ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে চারটি চার ও পাঁচটি ছয় দিয়ে সাজানো সর্বোচ্চ ৭৩ রানের ঝোড়ো একটি ইনিংস খেলেন নবজাত্ সিং সিধু। শুরুর দিকের এই তিন ব্যাটসম্যান ভারতের জয়ের রাস্তাটা অনেকখানি পরিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু এর পরই জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডারমট। খুব অল্প সময়ের মধ্যে একে একে ফিরিয়ে দিলেন সিধু, আজহারউদ্দিন, দিলিপ ভেনসাঙ্কার ও রবি শাস্ত্রীকে। দুই উইকেটে ২০৬ রান থেকে মুহূর্তের মধ্যে ভারতের স্কোর দাঁড়াল ৬ উইকেটে ২৪৬ রান। এরপর যেন ভাগ্যদেবীও মুখ ফিরিয়ে নিলেন ভারতের ওপর থেকে। খুবই দুঃখজনকভাবে রানআউট হয়ে ফিরে গেলেন রজার বিনি আর মনোজ প্রভাকর। শেষ ওভারের শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান। ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন ভারতের শেষ ব্যাটসম্যান মহিন্দর সিং। বল হাতে স্টিভ ওয়াহ। পঞ্চম বলটাতেই মহিন্দর সিংকে বোল্ড করে জয় ছিনিয়ে নিলেন তরুণ ওয়াহ।’৯২ বিশ্বকাপের ম্যাচটাতেও ভাগ্য সহায় হয়নি ভারতের। সেই ম্যাচে রানআউটের শিকার হয়েছিলেন চারজন ভারতীয় ব্যাটসম্যান। বৃষ্টির কারণে তত্কালীন বৃষ্টি আইনও গিয়েছিল ভারতের বিপক্ষে। সব মিলিয়ে আগের বিশ্বকাপের সেই স্মৃতিই যেন নতুন করে ফিরে এসেছিল এই বিশ্বকাপেও। এবারও প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচের মতো এবার আর খুব বেশি দাপটের সঙ্গে ব্যাট চালাতে পারেননি অসি ব্যাটসম্যানরা। ডেভিড জোনসের ৯০, ডেভিড বুনের ৪৩ ও শেষ দিকে স্টিভ ওয়াহ, টম মুডির ২৯ ও ২৫ রানের ইনিংসগুলোর সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ২৩৬ রান তোলে অস্ট্রেলিয়া।জবাবে ব্যাট করতে নেমে ছোট ছোট পার্টনারশিপে বেশ ভালোই রান সংগ্রহ করছিলেন আজহারউদ্দিন, রবি শাস্ত্রী, কপিল দেবরা। কিন্তু বাধ সাধে বৃষ্টি ১৭তম ওভারে বৃষ্টি শুরু হওয়ার পর তিন ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের নতুন টার্গেট দাঁড়ায় ৪৭ ওভারে ২৩৬। আজহারউদ্দিনের ১০২ বলে ৯৩ রান আর সঞ্জয় মাঞ্জেরেকারের ৪২ বলে ৪৭ রানের ইনিংস দুটি অনেক আশা জাগিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু দুজনকেই বিদায় নিতে হয় রানআউটের ফাঁদে পড়ে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। কিরণ মোরে প্রথম দুই বলে চার হাঁকিয়ে বোল্ড হয়ে যান টম মুডির বলে। টার্গেট দাঁড়ায় তিন বলে পাঁচ রান। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে শেষ দুই ব্যাটসম্যান মনোজ প্রভাকর ও ভেঙ্কটপতি রাজু, দুজনই পড়েন রানআউটের ফাঁদে। স্কোরবোর্ডে যোগ হয় তিন রান। আবারও ভারতের পরাজয়ের ব্যবধান মাত্র ১ রান।