ভারত ও অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। কলম্বোতে আজ শনিবার ভারত ২৬ রানে স্বাগতিক শ্রীলঙ্কাকে এবং অস্ট্রেলিয়া ৫৬ রানে নিউজিল্যান্ডকে হারায়।শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা। সবার আগে আউট হন সুরেশ রায়না (১২)। দলীয় সংগ্রহ তখন ২৮ রান। এক পর্যায়ে ৫১ রানে চারটি উইকেট হারিয়ে বসে ভারত। তবে এই বিপর্যস্ত অবস্থা থেকে দলকে বের করে আনেন রোহিত শর্মা ও অধিনায়ক ধোনি। তাঁদের ৭৮ রানের জুটিতে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৬ রান। রোহিত ৩৭ রানে আউট হন। দলকে সম্মানজনক সংগ্রহ এনে দিয়ে ব্যক্তিগত ৫৫ রানে অপরাজিত থাকেন ধোনি।১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মুনাবীরার (৩) উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান ফেরেন ব্যক্তিগত ১ রানে। এর পর মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে দলের হার ঠেকানো সম্ভব হয়নি। শ্রীলঙ্কার শেষ পাঁচ ব্যাটসম্যান আউট হন মাত্র তিন রানের ব্যবধানে। দলীয় ১১৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন পেরেরা। এখান থেকে ১২০ রানে যেতেই ইনিংস শেষ। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালিয়ে ইরফান পাঠান পাঁচটি ও বালাজি তিনটি উইকেট তুলে নেন।অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের বড় হারের কারণ, কিউই ব্যাটসম্যানদের ব্যর্থতা। এ ম্যাচে প্রথমে ব্যাট করা অসিদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৩৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সংগ্রহটা আহামরি নয় মোটেই। অথচ এই রান তাড়া করতে গিয়ে মাত্র ৮৩ রানে অল আউট হলো নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানদের মধ্যে উইলিয়ামসন (১৭), অধিনায়ক টেইলর (২২) ও ব্রেসওয়েল (১০*) ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হগ তিনটি এবং ওয়াটসন, ম্যাকাই ও কামিন্স প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। সংক্ষিপ্ত স্কোর (ভারত-শ্রীলঙ্কা)ভারত: ১৪৬/৫ (২০ ওভার)শ্রীলঙ্কা ১২০/১০ (১৯.৩ ওভার)ফল: ভারত ২৬ রানে জয়ী।সংক্ষিপ্ত স্কোর (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড)অস্ট্রেলিয়া: ১৩৯/৬ (২০ ওভার)নিউজিল্যান্ড ৮৩/১০ (১৭ ওভার)ফল: অস্ট্রেলিয়া ৫৬ রানে জয়ী।সূত্র: ক্রিকইনফো।