ভারত কখনোই পাকিস্তান ক্রিকেটকে সমর্থন দেয়নি: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেট অঙ্গনে কোণঠাসা হয়ে আছে পাকিস্তান। এবার ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং, বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠার পর আরও সংকটের মধ্যে পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট। পাকিস্তানের এই ক্রান্তিকালে ভারত বা এশিয়ার অন্য কোনো দেশই পাকিস্তানের দিকে সাহায্য-সহমর্মিতার হাত বাড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে পাকিস্তানের কোনো দল অংশ নেয় না কেন, এমন প্রশ্নের জবাবে ‘জিও চ্যানেল’কে দেওয়া এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের কথা বাদ দেন, ভারত কখন পাকিস্তান ক্রিকেটকে সমর্থন দিয়েছে? সত্যিটা হলো, আমরা যখনই দরকার তখনই ভারত, শ্রীলঙ্কা বা বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়েছি। কিন্তু আমাদের যখন সাহায্যের দরকার হয়েছে, তারা আমাদের একা ফেলে রেখে চলে গেছে। আমরা উপলব্ধি করলাম যে শুধু ভারত বা শ্রীলঙ্কাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেই আমাদের খুব বেশি বন্ধু নেই। নিজেদের সমস্যা সমাধানের পথ আমাদের নিজেদেরই বের করতে হবে।’—পিটিআই