ভারত ঘুরে দাঁড়াবে: সৌরভ
মেলবোর্নে প্রথম টেস্টে শোচনীয় হার। তার পরেও ভারতীয় দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তাঁর মতে, সিরিজের দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াবে ভারত।সৌরভ গাঙ্গুলির মতে, ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ঠিক সময়ে নিজেদের মেলে ধরতে না পারা।তিনি আরও বলেন, মেলবোর্ন টেস্টে বেশ কিছু সময় ভারত চালকের আসনে ছিল। কিন্তু ঝোপ বুঝে কোপ মারতে পারার ব্যর্থতাই তাদের ডুবিয়েছে।অস্ট্রেলীয় পত্রিকা ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় ভারতীয় পেসারদের প্রশংসা করে সৌরভ বলেন, ‘ভারতীয় পেসাররা মেলবোর্নে দারুণ বল করেছে। যখন প্রয়োজন হয়েছে, তখনই তাদের কাছ থেকে দায়িত্বশীল পারফরম্যান্স পাওয়া গেছে।’ সিডনিতে ভারতকে অন্যভাবে চিন্তা করতে হবে বলে মনে করেন সৌরভ। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিয়েই বলছি, ভারত সিডনিতে মেলবোর্নের চেয়ে অনেক ভালো খেলবে। ইতিহাসই বলে, আমরা বিদেশের মাটিতে যেকোনো সিরিজেই প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে অনেক ভালো করি।’ ভারতীয় পেসারদের নিয়ে কথা বলতে গিয়ে ভারতের এই সফলতম অধিনায়ক বিশেষ করে উমেশ যাদব ও জহির খানের দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, ‘উমেশ যাদব চমত্কার বল করেছে। আমি মনে করি, সে অধিনায়ক ধোনির মধ্যে যথেষ্ট আশার সঞ্চার করতে পেরেছে। জহির খান দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমেছিল। দীর্ঘদিন পর মাঠে নেমে সে যা দেখিয়েছে, তা এক কথায় অনন্য। যত দিন যাবে, জহির আরও ক্ষুরধার হয়ে উঠবে।’ ওয়েবসাইট।