ভারত চতুর্থ, চন্দরপল শীর্ষ টেস্ট ব্যাটসম্যান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে অস্ট্রেলিয়া উঠে এসেছে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তৃতীয়স্থানে। আর অস্ট্রেলিয়ার এই উত্থান ভারতকে নামিয়ে দিয়েছে চতুর্থস্থানে। প্রথম দুটি স্থান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। তবে এই দুই দলেরই রেটিং পয়েন্ট একই-১১৬। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ইংলিশরাই শীর্ষে রয়েছে আইসিসির এই র্যাংকিংয়ে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ও ভারতের পয়েন্ট ছিল সমান (১১১)। কিন্তু ডেসিমেল ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ জিতে অস্ট্রেলিয়া ভারতের চেয়ে এগিয়ে গেছে পরিস্কার ব্যবধানে।এদিকে, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল শীর্ষ টেস্ট ব্যাটসম্যানদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন। ডমিনিকা টেস্টে তাঁর ব্যাট থেকে আসে দুটি ফিফটি। তবে ভারতীয়দের জন্য দুঃসংবাদ হয়েই এসেছে নতুন এই র্যাংকিং। এই তালিকায় প্রথম ২০ জনের মধ্যে নেই কোনো ভারতীয় ব্যাটসম্যান, প্রথম ১০ জনের মধ্যে নেই কোনো ভারতীয় বোলার। বোলারদের তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন জহির খান ও ২০তম স্থানে আছেন প্রজ্ঞান ওঝা।এই তালিকায় ওপরের দিকে উঠে আসা অন্যান্য ব্যাটসম্যানরা হলেন অস্ট্রেলীয় এড কোয়ান, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড। এছাড়াও নিজের র্যাংকিংয়ের উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। বোলারদের তালিকায় শীর্ষ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। যথাক্রমে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমল ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ক্রিকইনফো।