ভারত জয় করতে চান স্ট্রাউস
বিশ্বকাপ অভিযানটার সফল পরিণতি দিতে না পারলেও টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এ সময়ের অন্যতম সফল অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। গত বছরই তাঁর নেতৃত্বে দুই যুগ পর অ্যাশেজ জয়ের গৌরব অর্জন করেছে ইংল্যান্ড। তবে এই সাফল্যেই খুব বেশি আত্মতুষ্টিতে ভুগতে চান না ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক। এবার তাঁর দৃষ্টি পড়েছে বিশ্বকাপজয়ী ভারতের দিকে। কারণ ভারতের মাটিতেই ভারতকে হারানোটা অ্যাশেজ জয়ের চেয়েও অনেক বড় সাফল্য বলে মনে করেন স্ট্রাউস।ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাত্কারে স্ট্রাউস বলেছেন, ‘অ্যাশেজটা সব সময়ই আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। কিন্তু ভারত আর দক্ষিণ আফ্রিকাও খুব শক্ত দল। আমি এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারিনি। কিন্তু আমরা যদি টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা দল হতে চাই, তাহলে আমাদের ভারতকে হারাতেই হবে। আমার কাছে তো মনে হয়, ভারতের মাটিতে ভারতকে হারাতে পারাটা অ্যাশেজ জয়ের চেয়েও বড় সাফল্য। কারণ ভারতের কন্ডিশন আমাদের কাছে একেবারেই অচেনা।’ ওয়েবসাইট।