গত কয়েক দিনে উইকেট নিয়ে যেসব নাটক হয়ে গেল, তাতে একটা কৌতুক বেশ জনপ্রিয় হয়ে গেছে। মহেন্দ্র সিং ধোনি নাকি ইডেনে এমন উইকেট বানাতে বলেছেন, যেখানে হরভজন-অশ্বিনদের বল বন বন করে ঘুরবে; কিন্তু একদমই টার্ন পাবেন না সোয়ান-পানেসার! কৌতুক, উইকেট নিয়ে নাটক, সমালোচনা—সব এক পাশে ঠেলে রেখে আজ ইডেনে নামছে চাপের মুখে থাকা ভারত। ঘুরে দাঁড়ানোর জন্য ধোনিদের খুব প্রিয় মাঠই এটা। এ মাঠে গত এক যুগে কোনো ম্যাচ হারেনি ভারত। এ সময় সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে। সর্বশেষ পাঁচ ম্যাচে এসেছে চার জয়। একসময় ভারতীয় দলের প্রতীকই হয়ে গিয়েছিলেন। এখন অবশ্য আলো অনেকটাই সরে গেছে তাঁর ওপর থেকে। তার পরও এই ম্যাচে ভারত আর শচীন টেন্ডুলকার একই বিন্দুতে। চাপের মুখে আছেন লিটল মাস্টার। ‘চাপ’ শব্দটা শুনে অবশ্য তাঁর মুখে হাসিও চলে আসতে পারে। ২৩ বছরের এই লম্বা ক্যারিয়ারে কম সময় তো শুনলেন না এই শব্দটি। তাঁকে বাতিলের খাতাতেও কি এই প্রথম ফেলা হলো? প্রতিবারই টেন্ডুলকার যা বলার ব্যাটেই বলেছেন। এবারও নিশ্চয়ই ব্যাট হাতেই জবাবটা দিতে চাইছেন টেন্ডুলকার। সর্বশেষ যে জবাব তিনি দিয়েছিলেন ২০১০ সালে, ওই মৌসুমে এক হাজার ৫৬২ রান করে।সর্বশেষ ২৮ ইনিংসে ব্যাটে সেঞ্চুরি নেই। গত ১০ ইনিংসে ফিফটিও পাননি। এর মধ্যে তিন ইনিংসে টানা বোল্ড হয়েছেন। চলতি সিরিজের তিন ইনিংসে মোট রান ২৯। কোনোটাই ঠিক তাঁর সঙ্গে যায়-খায় না। এর পর রিকি পন্টিংয়ের অবসর বাড়তি চাপও এনে দিয়েছে। টেন্ডুলকার নামছেন এমন এক মাঠে, যেখানে সর্বশেষ পাঁচ ইনিংসে তাঁর ব্যাটে এসেছে একটি সেঞ্চুরি, তিনটি ফিফটি। ইডেনের সঙ্গে সবচেয়ে সখ্য অবশ্য হরভজন সিংয়ের। এই মাঠে উইকেটের ফিফটি পূর্ণ করতে মাত্র চারটি শিকার দূরে আছেন ভাজ্জি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ছয়-ছয়বার। নিজের শততম টেস্টটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন গত ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা হরভজন। সর্দি-জ্বরের কারণে অবশ্য কাল অনুশীলনে ছিলেন না। কিন্তু আজ ম্যাচে খেলার কথাই আছে তাঁর।শুধু টেন্ডুলকার নন, চাপের মুখে আছেন ধোনিও। তাঁর অধিনায়কের জাদুকরি সেই ছোঁয়া কোথায় যেন হারিয়ে গেছে। একসময় টেস্টের এক নম্বর দল ভারত এখন পাঁচে। সর্বশেষ ১৪ ইনিংসে ধোনির মাত্র তিনটি ফিফটি। অ্যালিস্টার কুক যখন গত দুই টেস্টে দুই সেঞ্চুরি করে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে, ধোনির কাছেও নিশ্চয়ই বেশি কিছু আশা করে দল।ইংল্যান্ড দল আছে ফুরফুরে মেজাজে। মুম্বাই টেস্টের জয় তাঁদের এনে দিয়েছে দারুণ আত্মবিশ্বাস। ভারতের স্পিন-জুজুতেও আর ডরায় না ইংল্যান্ড। বিশেষ করে কেভিন পিটারসেনের স্বরূপে ফেরা নিঃসন্দেহে তাদের জন্য বড় খবর। এই টেস্ট জিতলে ২৭ বছর পর ভারতে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে ইংলিশরা! ওয়েবসাইট।