ভারত দেখল ইরানি বিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে এমনিতেই দর্শক কম আসে। সঙ্গে প্রচার-প্রচারণাও তেমন ছিল না বাফুফের। এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের উদ্বোধনী ম্যাচ দেখতে তার পরও যে হাজারখানেক দর্শক এল সেটাই বা কম কিসে? সারাক্ষণ স্টেডিয়ামের পূর্ব গ্যালারি মাতিয়ে রাখল একদল স্কুলছাত্র। মুগদাপাড়া কাজী জাফর আহমদ উচ্চবিদ্যালয়ের জনা পঞ্চাশেক ছাত্র নিজেদের স্কুলের ব্যানার নিয়ে, স্কুলের পোশাক পরে স্টেডিয়ামে হাজির ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই।শুরুতে এই স্কুলছাত্রদের অকুণ্ঠ সমর্থন পেল ভারতের মেয়েরা। কিন্তু যতই ম্যাচের সময় বাড়তে লাগল, রং পাল্টাতে লাগল খেলারও। স্কুলের ছেলেরাও ততক্ষণে ভোল পাল্টে ইরানি সমর্থক! শেষ পর্যন্ত তাদের সমর্থন বিফলে যায়নি, ফারহাদির হ্যাটট্রিকে ৪-২ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকল ইরান।মাথায় হিজাব, পরনে ট্রাউজার। ফুটবলের পাশাপাশি কখনো কখনো হিজাবও সামলাতে হলো। তবে দুটিই দক্ষতার সঙ্গে করল ইরানি তরুণীরা। নিজেদের মধ্যে ওয়ান-টু-ওয়ান পাস, চমৎকার ড্রিবলিং, দারুণ বোঝাপড়া—সব মিলিয়ে ইরান যা খেলল তাতে পেরে উঠল না ভারত। ১৮ মিনিটে ইরানকে প্রথমে এগিয়ে নেন ফারহাদি (১-০)। তবে ২৫ মিনিটের সময় কর্নার থেকে পাওয়া বলে দারুণ ফ্লিকে গোল শোধ করে দেন ভারতের বিন্দারানী (১-১)। ২৯ মিনিটে ফারহাদি করেন দ্বিতীয় গোল (২-১)। রক্ষণভাগের ভুলে দ্বিতীয় গোলটি খেয়ে বসে ইরান। বক্স ছেড়ে অনেক দূর এগিয়ে আসা গোলরক্ষক মরিয়মকে ফাঁকি দেন ভারতের রিনা (২-২)। ম্যাচের ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারহাদি। বদলি নেমে বাহরামি গোল করেন ৫২ মিনিটে।ভারতের কোচ শুক্লা দত্ত মনে করেন, ভারত হেরেছে শারীরিক দিক দিয়ে পিছিয়ে থাকায়, ‘আমাদের মেয়েদের তুলনায় ওরা অনেক লম্বা। এখানেই আমরা পিছিয়ে পড়েছি। এখন পরের দুই ম্যাচ আমাদের জিততেই হবে।’ জয় দিয়ে শুরু করতে পারায় ইরানি কোচ মাহনাজ দারুণ খুশি, ‘আমাদের শুরুটা হয়েছে প্রত্যাশামতোই। মেয়েরা দারুণ খেলেছে। আশা করি, পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’