ভারত দেখাল, এটা বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় নিয়ে খুব একটা অনিশ্চয়তা ছিল না কখনোই। তার পরও পাকিস্তানের বিপক্ষে জয় বলে কথা! ভারতের রায়না-কোহলি ‘হাই-ফাইভ’ করলেন দল জেতানোর আনন্দে! । শামসুল হক
জয় নিয়ে খুব একটা অনিশ্চয়তা ছিল না কখনোই। তার পরও পাকিস্তানের বিপক্ষে জয় বলে কথা! ভারতের রায়না-কোহলি ‘হাই-ফাইভ’ করলেন দল জেতানোর আনন্দে! । শামসুল হক

ক্রিকেটে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া মানেই একধরনের রোমাঞ্চ ছড়িয়ে পড়া। মাঠের লড়াইয়ে তো বটেই, গ্যালারি হয়ে প্রেসবক্স, এমনকি মাঠের বাইরে টিকিটবঞ্চিত দর্শকদের মধ্যেও সেই রোমাঞ্চেরই মাখামাখি থাকে। খেলাটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিংবা যেকোনো গ্রহেই হোক না কেন, এটাই পাকিস্তান-ভারত লড়াইয়ের শাশ্বত আবেদন।
কালও তা থাকল। শেরেবাংলা স্টেডিয়ামে গ্যালারি-ঠাসা দর্শক। ভারত-পাকিস্তানের পতাকার ওড়াউড়ি। প্রেসবক্সে ওই দুই দেশের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের দৃষ্টিও নিমগ্ন মাঠে। কিন্তু আসল জায়গাতেই যে ঘাটতি থেকে গেল! যে ‘ক্রিকেট-যুদ্ধ’ দেখার জন্য এই চাতক অপেক্ষা, সেটাই হয়ে গেল বড্ড একপেশে, পানসে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ওপর বরাবরের আধিপত্য এবারও ধরে রেখে ভারত ম্যাচ জিতল ৭ উইকেটে, ৯ বল বাকি থাকতে। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের চারবারের সাক্ষাতে জয়ী দলের নাম ভারত।
১৩১ রান বড় লক্ষ্য নয় টি-টোয়েন্টি ক্রিকেটে। তার ওপর যাদের সামনে পাকিস্তান লক্ষ্যটা দিয়েছে, সেই দলটা ভারত, ব্যাটিংই যাদের মূল শক্তি। ৫৪ রানের ওপেনিং জুটিতে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান মিলেই কাজ অনেক সহজ করে দিলেন। ৬৫ রানের মধ্যে ধাওয়ান, রোহিতের সঙ্গে যুবরাজ সিংয়ের বিদায়েও চাপ তৈরি হলো না। বাকি কাজটা শেষ করে দিলেন বিরাট কোহলি আর সুরেশ রায়না। কোহলি ৩৬ আর রায়না ৩৫ রানে অপরাজিত থেকেই শেষ করে দিয়ে এসেছেন ম্যাচ। বিশ্বকাপের আগে সৌরভ গাঙ্গুলীর কাছে ব্যাটিং পাঠ নিয়ে আসা রায়নার উন্নতিটা প্রস্তুতি ম্যাচের পর ধরা পড়ল কালও। ব্যক্তিগত ৭ রানে রায়না যদিও মোহাম্মদ হাফিজের বলে ক্যাচ দিয়েছিলেন স্লিপে। কঠিন ক্যাচ ছিল, কিন্তু আফ্রিদি বলতে গেলে ক্যাচটা নেওয়ার চেষ্টাই করেননি সেভাবে।
ওপেনার কামরান আকমলের রানআউটে শুরুতেই এলোমেলো হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং। ভুবনেশ্বর কুমারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলটা পায়ে লাগলে লেগবাই নিতে ছুটলেন কামরান। শুরুতে সঙ্গী ওপেনার আহমেদ শেহজাদও দুই পা এগোলেন। কিন্তু বিপদ বুঝে থেমে যান ওখানেই। ততক্ষণে অনেকটাই এগিয়ে আসা কামরান ক্রিজে ফেরার আগেই ভুবনেশ্বরের থ্রো ভেঙে দেয় স্টাম্প।
পাকিস্তানের ইনিংস এরপর পদে পদেই পড়েছে খানাখন্দে। দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ-মোহাম্মদ হাফিজের ৩৫ রান এবং চতুর্থ উইকেটে উমর আকমল-শোয়েব মালিকের ৫০ রানের দুটি জুটির পরও দলের রানটা ১৩০-এর বেশি হয়নি। অথচ ২০ ওভার শেষ হয়ে যাওয়ার পরও পাকিস্তানের হাতে ৩ উইকেট! কিছুদিন আগে এশিয়া কাপে যে শহীদ আফ্রিদি ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন, তাঁকে তো ব্যাটিংয়ের সময় বলতে গেলে খুঁজেই পাওয়া গেল না। ১০ বলে ৮ রান আর যা-ই হোক আফ্রিদির নামের সঙ্গে যায় না।
দলে তিন বিশেষজ্ঞ স্পিনার। তাঁদের ওপর শিশিরের প্রভাব এড়াতে টসে জিতে বোলিংটা আগেই করে ফেলার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই বল তুলে দিলেন অশ্বিনের হাতে। ক্যারিয়ারে মাত্রই তৃতীয়বারের মতো প্রথম ওভার করতে আসা এই অফস্পিনার উইকেট পাননি একটিও, তবে দুই স্পেলে বল করতে এসে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২৩। যদিও পাকিস্তানের ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ভুগলেন লেগস্পিনার অমিত মিশ্রর সামনে। শেহজাদের আউটটার কথাই ধরুন। ডাউন দ্য উইকেটে খেলতে এসে মিশ্রর ফ্লাইট আর বিশাল টার্নে বিভ্রান্ত হয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লেন ঢাকার মাঠের পরিচিত এই ব্যাটসম্যান। মিশ্র পরে নিয়েছেন শোয়েব মালিকের উইকেটটাও। ইনিংসের ১২তম ওভারে বোলার মিশ্রর মাথার ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন মালিক। ১৬তম ওভারে মিশ্রকে আবার সামনে পেয়ে আবারও ছক্কার লোভ হলো তাঁর। কিন্তু ছক্কা এবার হলো না। লং অফে মালিকের সহজ ক্যাচটা নিলেন সুরেশ রায়না।
শুরুতেই ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব এর চেয়ে ভালোভাবে বোধ হয় শুরু হতে পারত না। তবে একপেশে ম্যাচে দুই প্রতিবেশীর লড়াইয়ের রোমাঞ্চটা অনুপস্থিতই থেকে গেল এবার।

পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৭; ভারত: ১৮.৩ ওভারে ১৩১/৩; ফল: ভারত ৭ উইকেটে জয়ী

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৭ (কামরান ৮, শেহজাদ ২২, হাফিজ ১৫, উমর ৩৩, মালিক ১৮, আফ্রিদি ৮, মাকসুদ ২১, ভাট্টি ০; অশ্বিন ০/২৩, ভুবনেশ্বর ১/২১, স্যামি ১/৩১, মিশ্র ২/২২, জাদেজা ১/১৮, যুবরাজ ০/১৩)। ভারত: ১৮.৩ ওভারে ১৩১/৩ (রোহিত ২৪, ধাওয়ান ৩০, কোহলি ৩৬*, যুবরাজ ১, রায়না ৩৫*; হাফিজ ০/১৪, জুনাইদ ০/২৩, আজমল ১/১৮, গুল ১/৩৫, আফ্রিদি ০/২৪, ভাট্টি ১/১৭)। ম্যান অব দ্য ম্যাচ: অমিত মিশ্র।