সেঞ্চুরিয়ন টেস্টে এ মুহূর্তে ভারতের পিঠ দেয়ালেই ঠেকে রয়েছে। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে প্রথম ইনিংসে ১৩৬ রানে অল আউট হওয়ার পর, এখন দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়তে চলেছে দ্রাবিড়-শচীন-ধোনিরা। দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে ৩৬৬। ক্যালিস-আমলাদের দাপটে ভারতীয় বোলারদের যখন নাস্তানাবুদ অবস্থা ঠিক তখনই রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সব অস্ত্রই ভারতের জানা আছে। নিজের অভিজ্ঞতা থেকে বললেন, অতীতে অনেকবারই প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়িয়েছেন। তাই, ‘মি ওয়াল’ আশা করছেন, সেঞ্চুরিয়নেও এবার এমন কিছুই ঘটবে।‘অবশ্যই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তবে প্রতিটি খেলোয়াড়ই বিশ্বাস করে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের রয়েছে।’ দ্রাবিড়ের কণ্ঠে ঝরে পড়ল প্রত্যয়। সেঞ্চুরিয়ন টেস্টে ফেরার জন্য দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের সামর্থ্যের শেষ বিন্দু ঢেলে দিতে হবে, মানছেন রাহুলও। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করার আশার পেছনে যে ব্যাপারটি তাঁকে সবচেয়ে উত্সাহ যোগাচ্ছে, তা হলো, সেঞ্চুরিয়নের উইকেট। রাহুল দ্রাবিড় মনে করেন, ‘উইকেট এ মুহূর্তে প্রথম দিনের বৃষ্টিস্নাত নয়। উইকেট দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের সহায়ক ছিল। আশা করছি, দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামবে, তখন তা আরও ভালো আচরণ করবে।’দক্ষিণ আফ্রিকা সফরে কোনো প্রস্তুতিমূলক ম্যাচ না থাকায় খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না, জানতে চাইলে রাহুল বলেন, ‘নতুন কোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যেকোনো দল প্রস্তুতিমূলক ম্যাচ আশা করতেই পারে। তবে সবার মনে রাখা উচিত, চরম পেশাদারি যুগে সেই সুযোগ না-ও আসতে পারে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।