ভারত নয়, সৌরভের বাজি ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালি দিন আর নেই। ক্যারিবীয়দের হয়ে কথা বলার লোকও তেমন নেই। সামগ্রিক দিক বিবেচনায় আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাজি ধরার লোক খুব কমই পাওয়া যাবে। এই কম লোকেরই একজন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। নয়াদিল্লিতে ইএসপিএন-স্টার স্পোর্টস আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার সৌরভ বলেন, এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হাউস। শ্রীলঙ্কায় বিশ্বকাপ জিততে পারে ওরাই।ওয়েস্ট ইন্ডিজকে ফেবারিট হিসেবে দেখার কারণটাও জানিয়েছেন সৌরভ, ‘ওদের দলে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডুয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের মতো খেলোয়াড় আছে। ফিদেল অ্যাডওয়ার্ডস ও কেমার রোচকে নিয়ে গড়া পেস আক্রমণই শক্তিশালী। সবাই ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করতে পারে।’নিজ দেশ ভারতকে বাদ দিয়ে সৌরভ ওয়েস্ট ইন্ডিজের কথা বলায় কিছুটা খটকা লাগাটাই স্বাভাবিক। তবে ভারতেরও ভালো সম্ভাবনা দেখছেন সাবেক এই অধিনায়ক, ‘যখন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটার দলে থাকে, ভারতকে গণনার বাইরে রাখা কঠিন।’সৌরভ বলেন, ভারতের সব সময়ই ভালো সম্ভাবনা থাকে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। দলে এমন খেলোয়াড় আছে, যারা চোখের পলকে বল মাঠের বাইরে পাঠাতে পারে। তার ওপর খেলাটা হবে উপমহাদেশের মাটিতে। অনেক কিছুই ভারতের হয়ে কথা বলবে। শেবাগ যদি শুরুতে জ্বলে উঠতে পারে, ভারতকে থামানো কঠিন হবে।’