টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেসবুক নিয়েছে দারুণ এক উদ্যোগ। প্রিয় দলের ফ্রেম দিয়ে নিজের প্রোফাইলের ছবি সাজানোর সুযোগ করে দিয়েছে এর ব্যবহারকারীদের। ক্রিকেটপ্রেমীরাও দুহাত ভরে এর ফায়দা তুলে নিচ্ছেন। সাময়িকভাবে ছবিতে যুক্ত করছেন নিজ নিজ দলের ফ্রেম। এই উন্মাদনায় মেতেছেন ভারতের কাশ্মীর অঞ্চলের লোকজনও। কিন্তু তাঁদের ছবিতে যে ভারতের তেরঙার দেখা মিলছে না। সবার ছবিতেই পাকিস্তানের সবুজ-সাদার ছাপ! এ নিয়ে অন্য ভারতীয়দের বিস্ময় আকাশ ছুঁয়েছে। একজন তো প্রশ্নই করলেন, ‘বিশ্বাসই হচ্ছে না। কাশ্মীর ভারতের অংশ কিন্তু তোমরা পাকিস্তানকে সমর্থন দিচ্ছ। তোমাদের সমস্যা কী?’ স্বাধীন কাশ্মীরের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছে কাশ্মীরিরা। বিশ্বকাপ উপলক্ষে সে ইস্যুটা উঠে এল আবারও। কিন্তু পাকিস্তানকে সমর্থন দেওয়ায় তাদের স্বাধীনতার দাবিটাও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে না? তবে কাশ্মীরিরা সেটা মনে করছেন না, একজন পোস্ট করেছেন, ‘আমি স্বাধীন কাশ্মীর দেখতে চাই, পাকিস্তানের অংশ হতে চাই না। কিন্তু ক্রিকেটের প্রশ্নে আমার ভালোবাসা পাকিস্তান!’ দ্য নেশন।