ভারত-পাকিস্তান ক্রিকেট-জ্বর
সুখের ঘরে দুঃখের আগুন! ফাটল ধরেছে ‘শোয়েনিয়া’র সংসারে। ধরারই কথা। একদিকে শোয়েব মালিকের পাকিস্তান, অন্যদিকে যে সানিয়া মির্জার ভারত। সীমান্তের কাঁটাতার যাঁদের বিচ্ছিন্ন রাখতে পারেনি, সেই দুজন অন্তত একদিনের জন্য হয়ে যাবেন একে অন্যের শত্রু। ‘আমি ভারতকে সমর্থন দেব, আর শোয়েব ওর দল পাকিস্তানকে। যুদ্ধ তো হবেই’—বলেছেন ভারতের টেনিস তারকা। পিছিয়ে নেই তাঁর স্বামীও। মালিকও বলছেন, ‘তৈরি থেকো প্রিয়তমা, যুদ্ধ হবেই!’ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তাপও যেন হালকা হয়ে যাচ্ছে ভারত বনাম পাকিস্তানের কাছে। ক্রিকেট-বিশ্বের পরম প্রার্থিত এই লড়াই যে এখন সোনার হরিণ। গত তিন বছরে মাত্র দুটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এবারের লড়াইটা তো বিশ্বকাপে। মোহালিতে চোখ থাকবে ক্রিকেট-বিশ্বের। ভারত-পাকিস্তানের শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারকারাও এদিনের ম্যাচ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর।ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরই মধ্যে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিশাল পারিষদ নিয়েই আসিফ আলী জারদারি ও ইউসুফ রাজা গিলানি ভারতে আসবেন বলে শোনা যাচ্ছে। ধনকুবেরদের মধ্যে রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি উপস্থিত থাকবেন। শাহরুখ খান, প্রীতি জিনতার মতো বলিউড তারকারাও গ্যালারিতে আলো ছড়াবেন।চণ্ডীগড়ের হোটেল তাজ ও মাউন্টেন ডিউয়ের ৫০ শতাংশ কক্ষ শুধু স্থানীয় আয়োজক কমিটিই বুকিং দিয়ে রেখেছে। দুই দলের ক্রিকেটার কর্মকর্তাদের পাশাপাশি অতিথিদের আবাসনব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ। পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কটা বন্ধুত্বে রূপ দেওয়ার উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে এই ম্যাচ। পাকিস্তানি অতিথিদের সেরা আতিথ্যটা দিতে তাই চেষ্টার কমতি করছে না মোহালি।শুধু ভিআইপি নয়, সাধারণ মানুষের কথাও ভাবা হচ্ছে। ভিসা-প্রক্রিয়ায় কড়াকড়ি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ওয়াঘা সীমান্ত দিয়ে অনেক পাকিস্তানি দর্শক খেলা দেখতে আসবে। এ জন্য ওই সীমান্ত থেকে চালু করা হয়েছে বিশেষ বাস সার্ভিস। তবে নিরাপত্তাব্যবস্থাতেও কিন্তু কোনো শৈথিল্য নেই। বরং নিরাপত্তাব্যবস্থাকে করে তোলা হচ্ছে নিশ্ছিদ্র।স্বাভাবিকভাবেই হু হু করে বাড়ছে টিকিটের দাম। আড়াই শ রুপির টিকিট দুই হাজার, ৫০০ রুপির টিকিট চার হাজার এবং এক হাজার রুপির টিকিট সাত হাজার রুপিতে বিক্রি হচ্ছে বলে খবর। আসল দামটা এর চেয়ে বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে টিকিটের কালোবাজারি ঠেকাতে উদ্যোগী হয়েছে পুলিশও। শুধু কি টিকিট, আকাশ ছুঁয়েছে টিভি বিজ্ঞাপনের দাম। সেটি ৩৫০ শতাংশও বেড়েছে বলে খবর।ভারত-পাকিস্তানের চিরবৈরী সম্পর্ক তো একটা কারণ, মাঠে দুই দলের লড়াইয়ে বাড়তি ঝাঁজ থাকে বলেই সেটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। জন্ম নেয় বেশ কিছু ক্রিকেটীয় আখ্যানের। দুই দেশের মানুষের কাছে এই ম্যাচটা যেন আত্মসম্মানবোধের লড়াই। পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাক যেমন স্বীকার করেছেন, ‘দেশের প্রত্যেক মানুষই এই ম্যাচে শুধু জয়ই চাইবে, অন্য কিছু হলে তারা মানবে না। এটা আমাদের ভীষণ চাপে ফেলে দেয়।’সেই চাপ ভারতীয়দের জন্যও প্রযোজ্য। সবাই তো তাকিয়ে থাকবে নিজ নিজ দলের দিকে। এদিন বেশি করে চোখ থাকবে যুবরাজ সিংয়ের ওপর। এরই মধ্যে বিশ্বকাপে চারবার ম্যাচসেরা হওয়া যুবরাজ এদিন খেলবেন নিজের মাঠে। ওয়েবসাইট।