ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ ফিরে এসেছে। আগামী ২২ ডিসেম্বর ভারতের মাটিতে পা দেবে পাকিস্তান দল। এবার ভারতের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি লিগ আয়োজনের কথা ভাবছে পাকিস্তান।খবরটা গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, খবরটা জানিয়েছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ। পিসিবি চেয়ারম্যান অবশ্য স্বীকার করেছেন, এই পরিকল্পনা নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা করেননি তিনি।ভারতীয় সংবাদপত্র মেইল টুডেকে জাকা আশরাফ বলেন, ‘ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি লিগের ভালো সম্ভাবনা রয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে এটি আয়োজনের প্রস্তাব দেব। যদি দুটি লিগ যৌথভাবে আয়োজন করা সম্ভব হয়, তবে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় লিগ।’আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের আমন্ত্রণ জানানো হবে জানিয়ে জাকা আশরাফ বলেন, ‘আমরা বিদেশি ক্রিকেটারদের আমন্ত্রণ জানাব। ভারতীয়দেরও আমন্ত্রণ জানাব। আমরা জানি, বিদেশে এ ধরনের লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না ভারতীয় বোর্ড। কিন্তু আমরা কোনো সীমানা রাখছি না। ক্রিকেটে কোনো সীমানা নেই।’২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু ওই বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকে। আইপিএলেও আর পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয়নি। তবে আইপিএলের পরবর্তী আসরে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাকা আশরাফ, ‘পাকিস্তানিদের আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত। এটা ভালো প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তান দুই দেশেরই উচিত ক্রিকেটারদের ছাড় দেওয়া। এতে দ্বিপক্ষীয় সিরিজ আরও শক্তিশালী ও কার্যকর হবে।’ সূত্র: ডন।