ভারত-পাকিস্তান সিরিজ ‘নিরপেক্ষ’ভেন্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সফরে যাওয়া বা পাকিস্তানকে নিয়ে সিরিজ আয়োজনের কোনো পরিকল্পনা নেই ভারতের। তবে ‘নিরপেক্ষ’ ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি আছে ভারত। ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র ‘টাইমস অব ইন্ডিয়া’র কাছে এ খবর নিশ্চিত করেছে।গত বৃহস্পতিবার এক বৈঠকের পরে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি ও ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই। তবে তাঁদের কেউই বৈঠকের বিস্তারিত প্রকাশ করেননি।সূত্র জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করাসহ বেশ কিছু প্রস্তাব দেন জিলানি। তবে পাকিস্তানি পররাষ্ট্রসচিব স্বীকার করেন, সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় দল হয়তো এই মুহূর্তে পাকিস্তান সফর বা পাকিস্তানকে নিয়ে দেশে সিরিজ আয়োজনে আগ্রহী নয়। নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনই এখন তাই যুক্তিযুক্ত। জিলানির এই বক্তব্যে ইতিবাচক সাড়া দেন ভারতীয় পররাষ্ট্রসচিব।২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করেছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এর পর পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। কিন্তু পাকিস্তান সব সময়ই ভারতের সঙ্গে সিরিজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে এসেছে।পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই তিন বছর হলো। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।