ভারত-পাকিস্তানকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবটা প্রথম দিয়েছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে। সম্প্রতি ঢাকা সফরে এসে তিনি বলে যান, ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে পারলে তা শুভ ফল আনবে বাংলাদেশের হকিতে। এ ব্যাপারে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বিশ্ব হকির শীর্ষ এই কর্মকর্তা।
সেই পথ ধরেই এগোচ্ছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। মালয়েশিয়ায় এশিয়ান হকি ফেডারেশনের সাধারণ সভা ও নির্বাচন শেষে দেশে ফিরে কাল তিনি জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় একটা সিরিজ আয়োজন করতে চায় হকি ফেডারেশন। এ ব্যাপারে দুই অতিথি দল ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা মালয়েশিয়ায় তাঁকে মৌখিক সম্মতি দিয়েছেন। সময়সূচি চূড়ান্ত করে জানালে দুদেশের হকি ফেডারেশনই ঢাকায় দল পাঠাবে। ভারত-পাকিস্তান সাধারণত বড় টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয় না। মাঝখানে দুদেশ সিরিজ খেললেও এখন তা বন্ধ। এ অবস্থায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আবার মুখোমুখি করতে মূল উদ্যোগ নিয়েছেন লিয়েন্দ্রো নেগ্রে। মালয়েশিয়ায় এশিয়ান হকির সাধারণ সভায় তিনিও এসেছিলেন। রহমতউল্লাহকে কিছু পরামর্শও দিয়েছেন এই সিরিজ আয়োজনে।
তার মধ্যে অন্যতম মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন। প্রেসবক্স ও ভিআইপি বক্স বর্ধিতকরণের কাজও উল্লেখযোগ্য। সে লক্ষ্যে কাজ শুরু করা রহমতউল্লাহ বলেন, ‘ফ্লাডলাইট বসানো নিয়ে চিন্তায় আছি। সরকারের সঙ্গে কথা বলছি এ নিয়ে। আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে এই সিরিজ করতে চাই আমরা।’