এর আগে ইংল্যান্ডের বাইরে কখনোই আয়োজিত হয়নি বিশ্বকাপ। এদিক থেকে বলতে গেলে ভারত ও পাকিস্তান সৌভাগ্যবান। বিশ্বকাপটি আয়োজন করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যৌথভাবে। বলা হচ্ছে, ১৯৮৭ সালের বিশ্বকাপের কথা।আয়োজনের দিক থেকে যেমন মিল, ভারত-পাকিস্তানের দারুণ মিল ছিল সেই বিশ্বকাপ-ভাগ্যেও। সেমিফাইনালে উঠেছিল দুই দলই। ক্রিকেট বিশ্ব যখন ফাইনালে দুই আয়োজকের জমজমাট লড়াইয়ের অপেক্ষায়, তখন প্রথম আঘাতটি আসে পাকিস্তানের ওপর; এক দিন পর জর্জরিত ভারত। মুখোমুখি লড়াই দূরে থাক, ফাইনালেই ওঠা হলো না কারও!প্রথম সেমিফাইনালেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। তা-ও আবার ঘরের মাঠ লাহোরে। সেদিন মুখ কালো করেই মাঠ ছাড়তে হয় উপস্থিত হাজার হাজার দর্শককে। টসে জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে জাভেদ মিয়াঁদাদ ৭০ ও অধিনায়ক ইমরান খান ৫৮ রানের ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি। এক ওভার বাকি থাকতেই পাকিস্তান অলআউট ২৪৯ রানে। ১৮ রানের হারে বিদায় স্বাগতিকদের!আরেক আয়োজক ভারতের বিদায়ের ভিত্তিটা গড়েছিল ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানের অবিশ্বাস্য ‘সুইপে’। মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে উদ্বোধনী ব্যাটসম্যান গ্রাহাম গুচ খেলেন ১১৫ রানের নজরকাড়া ইনিংস। ১৩৬ বলের দীর্ঘ ইনিংসের বেশির ভাগ সময়ে গুচ কাটিয়েছেন দৃষ্টিনন্দন সুইপ খেলে। ঠিক একই কায়দায় ব্যাট করেন অধিনায়ক মাইক গ্যাটিং। গুচের সেঞ্চুরির সঙ্গে গ্যাটিংয়ের ৫৬ রান মিলিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান।ভারতীয় দলে ছিলেন সুনীল গাভাস্কার, মোহাম্মদ আজহার উদ্দিন, কপিল দেবদের মতো তারকা। এর পরও এ রান অতিক্রম করা ভারতের জন্য সহজ ছিল না মোটেও। এ অবস্থাকে কঠিন থেকে কঠিনতর করে তোলেন ইংল্যান্ডের দুই বোলার অ্যাডওয়ার্ড হ্যামিংস ও নেল ফস্টার। এ দুজনের ৭ উইকেট শিকারে ভারতের ইনিংস থেমে যায় ২১৯ রানে।দুই আয়োজক দেশের দুটিরই সেমিফাইনাল থেকে বিদায়। স্বাভাবিকভাবেই নিষ্প্রাণ হয়ে পড়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার শিরোপা-নির্ধারণী ম্যাচটি।