ভারত-পাকিস্তানের জন্যই বিশ্বকাপের বর্তমান ফরম্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নাকি আয়োজকদের জন্য ছিল এক ‘বিপর্যয়।’ কারণ, ভারত ও পাকিস্তানের মতো ‘জনপ্রিয়’ দলের প্রথম রাউন্ড থেকেই বিদায়। তাই এবারের বিশ্বকাপ ক্রিকেটে ‘ব্যবসায়িক সফলতা’ আনতে ভারত ও পাকিস্তানের মতো দলগুলোকে অন্তত, কোয়ার্টার ফাইনালে নিতে নাকি অনেক চিন্তা-ভাবনা করে বর্তমান ফরম্যাটের প্রচলন করা হয়েছে।ওপরের কথাগুলো পড়ে চমকে উঠলেন? স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিংয়ের যুগে এমন সন্দেহ হওয়াটা অমূলক নয়। তবে, ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের হাতে ভারত ও আয়ারল্যান্ডের হাতে পাকিস্তান ‘কতল’ হওয়ার পর পুরো বিশ্বকাপের ব্যবসায়িক বিপর্যয় যে একটা হয়েছিল, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তাই এবার ওসব সুপার ‘সিক্স-টিক্স’ মার্কা ফরম্যাট বাদ দিয়ে সোজা নকআউট পদ্ধতির ফরম্যাটের প্রচলন করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে, প্রতিটি দলের কমপক্ষে ছয়টি করে লিগ ম্যাচ। এরপর কোয়ার্টার ফাইনালে যদি ভারত ও পাকিস্তানের মতো কোনো দল বিদায়ও নেয়, তাহলেও দুঃখ নেই। ভারত ও পাকিস্তানের সাতটি ম্যাচের রাজস্ব তো নেহাত কম নয়।বিশ্বকাপের আয়োজক কমিটির অন্যতম পরিচালক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি ইএসপিএন স্টার ডট কমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘ব্যাপারটি বলা ঠিক না, তার পরও ভারত ও পাকিস্তানের কোয়ার্টার ফাইনালে খেলার পথ মসৃণ করতেই বর্তমান ফরম্যাটের প্রচলন করা হয়েছে।’ শেঠিকে প্রশ্ন করা হয়েছিল, এবারের বিশ্বকাপের ফরম্যাটে বড় দলগুলোকে সুবিধা করে দেওয়া হয়েছে কি না।রত্নাকর শেঠি বলেন, ভারত ক্রিকেটের অর্থনৈতিক পরাশক্তি। তাই এর যেকোনো প্রতিযোগিতা ব্যবসা-সফল করতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতের উপস্থিতি অপরিহার্য। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই ভারত ও পাকিস্তানের বিদায়টা ছিল একধরনের বিপর্যয়। বিশ্বকাপের আয়োজক কমিটি, ট্যুর অপারেটর, সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান—সবাই বিপুল অঙ্কের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবার যেন তা না হয়, সে জন্যই এই ফরম্যাট।তার মানে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রকেরাই চান না, কোনো নতুন দেশ ক্রিকেটে উঠে আসুক। নতুন দল বড় কোনো দল বড় দলকে হারিয়ে রোমাঞ্চ সৃষ্টি করুক। অন্তত, রত্নাকর শেঠির কথায় তো সেই বার্তাই পাওয়া গেল। ডেইলি টাইমস।