ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর পাঁচ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ থেকে ২০১৪। বিগত তিনটি যুগে বদলে গেছে ক্রিকেট-বিশ্বের অনেক কিছুই। নতুন নতুন নিয়মকানুন যুক্ত হয়েছে। অনেক তারকা-মহাতারকার উত্থান-পতন হয়েছে। এমনকি টি-টোয়েন্টি নামের নতুন এক সংস্করণেরও আবির্ভাব হয়েছে। বদলায়নি শুধু একটা জিনিস। ভারত-পাকিস্তান ম্যাচের ক্রিকেটীয় রোমাঞ্চ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে এখনও যে উত্তেজনার পারদ কয়েক ধাপ চড়ে যায়, সেটাই গতকাল নতুন করে প্রমাণ করেছেন শহীদ আফ্রিদি, বিরাট কোহলিরা। নিঃসন্দেহে কালকের ম্যাচটি ভারত-পাকিস্তান রোমাঞ্চকর লড়াইয়ের সেরা ম্যাচগুলোর মধ্যেই থাকবে। আসুন দেখে নিই এমনই


পাঁচ লড়াই

১৯৭৮: ভারত ৪ রানে জয়ী
ভারত-পাকিস্তান দ্বৈরথ যে ক্রিকেট বিশ্বে নতুন এক অধ্যায়ই রচনা করবে সেটার ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল দুই দেশের প্রথম মুখোমুখি লড়াইয়েই। ১৯৭৮ সালের সেই ম্যাচটি ছিল ৪০ ওভারের। ভারতের ছুড়ে দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল পাকিস্তান। ৫০ রানের লড়াকু ইনিংস খেলে দলকে জয়ের ভিত্তিও গড়ে দিয়েছিলেন মজিদ খান। কিন্তু জয় থেকে মাত্র চার রান দূরে থাকতেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। ব্যাট হাতে ৫১ রানের পর বল হাতেও দুইটি উইকেট নিয়েছিলেন মহিন্দর অমরনাথ। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছিল তাঁরই হাতে। এই ম্যাচেই একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের।

১৯৮৬: পাকিস্তান এক উইকেটে জয়ী

বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই দুই হাত তুলে জাভেদ মিয়াঁদাদের সেই খেপাটে দৌড় এখনো একটা স্মরণীয় মুহূর্ত হয়ে আছে ক্রিকেট-বিশ্বে। অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে জয়ের জন্য শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল চার রান। মিয়াঁদাদ উত্তেজনাপূর্ণ ম্যাচটার ইতি টেনেছিলেন শেষ বলে ছয় মেরে। ১১৪ বলে ১১৬ রানের ম্যাচ-জেতানো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছিল তাঁরই হাতে।

সুনীল গাভাস্কারের ৯২, কৃষ্ণমাচারি শ্রীকান্তের ৭৫ ও দিলীপ ভেঙ্কসরকারের ৫০ রানের ইনিংসগুলোতে ভর করে পাকিস্তানকে ২৪৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে আসা-যাওয়ার মিছিলেই শামিল হয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। কিন্তু মিয়াঁদাদ প্রায় একক প্রচেষ্টায় জয় এনে দিয়েছিলেন পাকিস্তানকে। মিয়াঁদাদের ১১৬ রানের পর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ৩৬ রানের। খেলেছিলেন ওপেনার মহসিন খান।


১৯৯১: পাকিস্তান ৪ রানে জয়ী

উইলস ট্রফির ম্যাচে ২৫৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। রবি শাস্ত্রী আর বিনোদ কাম্বলির ১২৪ রানের উদ্বোধনী জুটি হয়তো অনায়াস জয়ের আশাই জাগিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু সেই ভালো শুরুর ধারাবাহিকতাটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের অনেকটাই কাছাকাছি নিয়ে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু জয় থেকে মাত্র চার রান দূরে থাকতেই শেষ হয়ে যায় নির্ধারিত ৫০ ওভার। ৯১ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কারটা পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার আমির সোহেল। ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক ইমরান খান।

২০০০: পাকিস্তান ২ উইকেটে জয়ী

ব্রিসবেনের এই ম্যাচে যেন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের হয়ে উঠেছিলেন সাকলায়েন মুশতাক আর ওয়াকার ইউনুস। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৩ রান সংগ্রহ করতেই পাকিস্তান হারিয়েছিল আট উইকেট। ভারতের জয়টা মনে হচ্ছিল যেন শুধু সময়ের ব্যাপার। কিন্তু নবম উইকেটে ৩৭ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে স্মরণীয় এক জয় উপহার দিয়েছিলেন সাকলায়েন-ওয়াকার। ৮৩ বলে ৬৩ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কারটা অবশ্য পেয়েছিলেন ইউসুফ ইয়োহানা, পরে নাম বদলে যিনি হয়ে যান মোহাম্মদ ইউসুফ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতও পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। শোয়েব আকতার, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাকদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা। সৌরভ গাঙ্গুলীই ছিলেন একমাত্র ব্যতিক্রম। ১০১ বলে ৬১ রানের ইনিংস খেলে প্রায় একাই লড়াই চালিয়েছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। আর শেষের দিকে রবিন সিংয়ের ৫০ রানের লড়াকু ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৯৫ রান জমা করেছিল ভারত।

২০০৪: ভারত পাঁচ রানে জয়ী

করাচির এই ম্যাচে অসম্ভবকে প্রায় সম্ভবই বানিয়ে ফেলেছিলেন ইনজামাম-উল হক। ৩৫০ রানের দুরূহ লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল পাকিস্তান। ১০২ বলে ১২২ রানের দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় বোলারদের নাকাল করে ছেড়েছিলেন ইনজি। শেষ পর্যন্ত তিনি উইকেটে থাকতে পারলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়ত পাকিস্তান। ৪৩তম ওভারের প্রথম বলে ইনজামাম আউট হয়ে যাওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে। তার পরও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন আবদুল রাজ্জাক (২৭) ও মঈন খান (১৬)। কিন্তু জয় থেকে পাঁচ রান দূরে থাকতেই শেষ হয় নির্ধারিত ৫০ ওভার। হেরে গেলেও ম্যাচ-সেরার পুরস্কারটা উঠেছিল পাকিস্তান অধিনায়ক ইনজামামের হাতে।

এর আগে রাহুল দ্রাবিড়ের ৯৯ ও বীরেন্দর শেবাগের ৫৭ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ৩৪৯ রান জমা করেছিল ভারত।