ভারত ফেবারিট, তবে আমরা আন্ডারডগ নই: সাঙ্গাকারা
ঘরের মাঠ। গোটা গ্যালারি কথা বলবে ভারতের হয়ে। শিরোপা লড়াইয়ে ভারতকেই ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির দলকে ফেবারিট মানছেন কুমার সাঙ্গাকারাও। তবে শ্রীলঙ্কা ‘আন্ডারডগ’ নয় বলে সতর্ক করে দিয়েছেন লঙ্কান অধিনায়ক।‘ভারত খুব ভালো দল। ওরা সব সময় এবারের শিরোপা জয়ে ফেবারিট ছিল। ফাইনালে সবাই হয়তো ভারতের এগিয়ে যাওয়ার প্রত্যাশা করবে। ভারতও নিজেদের ফেবারিট ভাবতে পারে। তবে আমরা আন্ডারডগ নই। এখানে আমরা শুধু খেলতেই এসেছি’—বিশ্বকাপ ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ বলেছেন কুমার সাঙ্গাকারা।২০০৭ বিশ্বকাপ ফাইনালেও খেলেছে শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের হারিয়ে সেবার নিজেদের হ্যাটট্রিক শিরোপা তুলে নেয় অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে চার বছর আগের স্মৃতি ফিরে আসবে না তো! সাঙ্গাকারা বলেন, ‘চার বছর আগে আমরা অ্যাডাম গিলক্রিস্টের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিলাম। কিন্তু ওই ঘটনার পুনরাবৃত্তির সুযোগ দিতে পারি না আমরা।’শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি কড়া নাড়ছে। কোয়ার্টার ফাইনালের আগে রিকি পন্টিং শচীনকে ঠেকানোর কথা বলেছেন। সেমিফাইনালের আগে একই কথা বলেছেন শহীদ আফ্রিদি। কিন্তু অস্ট্রেলিয়া আর পাকিস্তান অধিনায়কের পথে হাঁটছেন না লঙ্কান অধিনায়ক। সাঙ্গাকারা বলছেন, ‘শচীন আর যে-ই হোক, বিশ্বকাপ ফাইনালে বড় রানের গুরুত্ব অনেক। কাউকেই সুযোগ দিতে পারি না আমরা। শচীনের শততম সেঞ্চুরির অপেক্ষা বিশ্বকাপের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য থাকবে, ভারতকে অল্প রানের মধ্যে আটকে রাখা।’ ওয়েবসাইট।