ভারত বধের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপিং দেখে নিশ্চিতভাবেই অনেকেরই মন খারাপ হয়েছিল। বাংলাদেশের গ্রুপে ভারত ও শ্রীলঙ্কা; সঙ্গে বারমুডা। যে দুটি দলের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকে, সেই দুটি দলই রয়েছে গ্রুপে। বারমুডাকে গোনায় না ধরলেও বাকি দুটি ম্যাচ যে যথেষ্ট কঠিন, এ কথা মেনে নিয়েছিল সবাই। সবচেয়ে বেশি যে ব্যাপারটিতে খচখচানি ছিল, সেটা হলো—আগের দুটি বিশ্বকাপে ১০টি ম্যাচ খেললেও এবার মাত্র তিনটি! সত্যিকার অর্থেই ২০০৭ বিশ্বকাপ শুরুর আগে গ্রুপিং দেখে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কথা চিন্তাও করেনি কেউ।ডেভ হোয়াটমোরের কোচিংয়ে উজ্জীবিত বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু একটু অন্যভাবেই চিন্তা করছিলেন। প্রায় সব খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক বা না যাক ভারত অথবা শ্রীলঙ্কা—যেকোনো একটি দলের বিপক্ষে জয়ের স্বপ্নই দেখছিলেন। স্বপ্নটা অমূলক না হলেও কঠিন যে ছিল, সেটা বলাবাহুল্য। কিন্তু সেবার, নিজেদের প্রথম ম্যাচেই মহাশক্তিধর ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছিল, দৃপ্ত প্রতিজ্ঞা থাকলে বাংলাদেশের পক্ষে যেকোনো কিছু ঘটানোই সম্ভব।২০০৭ সালের ১৭ মার্চ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই একটি দুঃসংবাদ ক্রিকেটারদের শোকবিহ্বল করে ফেলে। খুলনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় দল থেকে সদ্যই বাদ পড়া মানজারুল ইসলাম রানা ও খুলনা বিভাগীয় দলের ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু। রানার এ মৃত্যু একেবারেই বিমূঢ় করে ফেলে জাতীয় দলের ক্রিকেটারদের। উঠতি ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতুও জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই খুবই কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। শোকস্তব্ধ পরিবেশের মধ্যেও জাতীয় দলের ক্রিকেটাররা সেদিন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেন, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে, সেই জয়ই রানার জন্য উত্সর্গ করবেন। মাঠে খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের শোককে আসলেই শক্তিতে পরিণত করলেন। খেপা বাঘের মতোই তাঁরা ঝাঁপিয়ে পড়লেন টস জিতে ব্যাট হাতে মাঠে নামা ভারতীয় ব্যাটসম্যানদের ওপর। দলীয় ছয় রানের মাথাতেই মাশরাফির এক দুর্দান্ত ইনকার্টার স্ট্যাম্প ভেঙে দেয় বীরেন্দর শেবাগের। একে একে আউট হন রবিন উথাপ্পা, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। এর মাঝে সৌরভ গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে যুবরাজ সিং ভারতকে নিয়ে যান ১৫৭ রানে। এ সময় যুবরাজ ব্যক্তিগত ৪৭ রানে রাজ্জাকের বলে হাবিবুল বাশারের হাতে এবং সৌরভ ৬৬ রানে মো. রফিকের বলে রাজ্জাকের হাতে ধরা পড়লে ভারত আবার বিপদে পড়ে যায়। এ সময় ধোনি, হরভজন ও আগারকার—এ তিনজনই রানের খাতা না খুলে পরপর বিদায় নিলে ভারতের বড় সংগ্রহের আশা এক অর্থে শেষই হয়ে যায়। শেষের দিকে জহির খান ও মুনাফ প্যাটেল দুজনেই ১৫ রান করে করলে ভারতের ইনিংস মোটামুটি একটা ভদ্রোচিত চেহারা নিয়ে ১৯২ রানেই শেষ হয়ে যায়। বাংলাদেশের মাশরাফি ৩৮ রানে চারটি এবং রাজ্জাক ও রফিক দুজনেই যথাক্রমে ৩৮ ও ৩৫ রানে তিনটি করে উইকেট নিয়ে ভারতের স্বপ্ন ধ্বংস করে দেন।১৯৩ রান করতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে। দ্বিতীয় রাউন্ডের অলীক স্বপ্নও অনেকটা বাস্তব হয়ে দেখা দেবে—এ প্রত্যাশায় ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন নিজেদের উজাড় করে দিলেন। তরুণ তামিম ইকবাল ৫৩ বলে ৫১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ের বিন্দুপরিমাণ আশার কবর রচনা করে দেন। প্রথম থেকেই তিনি ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে তাঁদের কখনোই ছন্দবদ্ধ হতে দেননি। জহির খানকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে দুটি ছয় হাঁকিয়ে তিনি সারা বিশ্বকে বুঝিয়ে দেন, বাংলাদেশের নতুন ক্রিকেট প্রজন্ম কোনো ‘নাম’কেই পরোয়া করে না। তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামা শাহরিয়ার নাফীস দুই রানে ও আফতাব আহমেদ আট রানে বিদায় নিলে খেলায় কিছুটা অনিশ্চয়তা এলেও মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান সেই অনিশ্চয়তা দূর করেন দুরন্ত ও স্থিতধী দুটি ইনিংস খেলে। সাকিব ৫৩ রানে শেবাগের বলে স্ট্যাম্পড হলেও মুশফিকুর রহিম ৫৬ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। মাঝখানে হাবিবুল বাশার এক রানে শেবাগের শিকারে পরিণত হলে ম্যাচে হঠাত্ উল্টো স্রোত পরিলক্ষিত হয়। তবে আশরাফুল আট রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়েন।ম্যাচ শেষে খেলাটি সরাসরি সম্প্রচার করা স্যাটেলাইট চ্যানেল সেটম্যাক্সের হোস্ট মন্দিরা বেদীর মুখটি ছিল দেখার মতো। তাঁর মুখের মতোই অন্ধকার তখন ভারতের প্রতিটি বন্দর, প্রতিটি নগর। আর সীমানার এপারে, গভীর রাতে তখন আনন্দের বর্ণচ্ছটা। উত্সবের রং। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রতিষ্ঠার জয়ধ্বনি।