ভারত বনাম ভারত!

ভাবুন তো একবার। আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছে ভারত। তাদের যে দলটি বোলিং করছে, সেই দলটার নামও ভারত! যুক্তির হিসেবে এ কখনো সম্ভব নয়। তবে চান্দু বোর্দে মনে করেন, ভারতীয় দলটার এখন যে শক্তি, যত ভালো ভালো ক্রিকেটার; শুধু ভারতের ক্রিকেটার দিয়েই দুটো আন্তর্জাতিক দল করা সম্ভব। ভারতীয় ক্রিকেট নিয়ে এতটাই আশাবাদী ভারতের সাবেক এই অধিনায়ক।
ভারতের পক্ষে ৫৫টি টেস্ট খেলেছেন বোর্দে। নিজের সময়ের তুলনায় ভারতীয় ক্রিকেটে বর্তমান অবস্থার পরিবর্তন কিংবা উন্নতিটা বৈপ্লবিক বলেই মনে করেন তিনি। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ভারতীয় ক্রিকেটারদের উন্নতি চোখে পড়েছে তাঁর। তিনি বিশেষ করে অভিভূত ফিল্ডিংয়ের উন্নতি দেখে, ‘আমাদের সময়ের তুলনায় ফিল্ডিংয়ে ভারতীয় ক্রিকেটারা অনেক উন্নতি করেছে। আমাদের সময় কেউ তো আর ফিল্ডিং প্রশিক্ষণের জন্য ছিল না। এখন ফিল্ডিং প্রশিক্ষক আছে, ফিজিও আছে, ভারতের তরুণ প্রতিভারা এসব সুযোগ-সুবিধাকে কাজে লাগাচ্ছে বেশ ভালোভাবেই।’
দিল্লির কাছেই নয়দায় নিজের নামে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন করতে গিয়েই মূলত ভারতীয় ক্রিকেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বোর্দে। বর্তমান সময়ে নগরায়ণের জন্য ক্রিকেট মাঠের অভাব থাকলেও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ স্কুল, একাডেমি সেই অভাব পূরণ করে দিচ্ছে বলে মনে করেন বোর্দে, ‘আমাদের সময় আমরা স্কুলের মাঠে ক্রিকেট খেলতাম। স্কুলের মাঠগুলো ছিল বিশাল বিশাল। একসঙ্গে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হতো মাঠগুলোতে। এখন নগরায়ণের কারণে বড় বড় ভবন তৈরি হওয়ায় মাঠের অভাব দেখা দিলেও বিভিন্ন ক্রিকেট প্রশিক্ষণ স্কুল সেই অভাব পূরণ করে দিচ্ছে।’
চান্দু বোর্দে আরও একটি ব্যাপারে দারুণ আনন্দিত। বড় বড় শহরগুলোর পাশাপাশি বিশাল ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসার বিষয়টি এই প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্বের কাছে দারুণ উত্সাহব্যঞ্জক। বোর্দে মনে করেন, যে দেশে প্রতিভারা দেশময় ছড়িয়ে-ছিটিয়ে থাকে, সে দেশের ভবিষ্যত্ উজ্জ্বল না হয়ে পারেই না। সূত্র: আইএএনএস।
আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে