ভারত-বন্ধু আকরাম
সবদিক দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক যতই বৈরী হোক, ওয়াসিম আকরাম এর ব্যতিক্রম। নিজে পাকিস্তানি হলেও ভারতের ক্রিকেটের ভালোমন্দ নিয়ে সাবেক এই কিংবদন্তি পেসার নিজেও যেন চিন্তিত। হাতে-কলমে ইরফান পাঠানদের বোলিংই শুধু শেখাননি, ভারতকে সুপরামর্শ দিতে প্রায়ই কলমও ধরেন। ইংল্যান্ডে গিয়ে ভারত যখন কেবলই একের পর এক লজ্জার মুখে পড়ছে, তখনো কিছু সদুপদেশ দিলেন ওয়াসিম আকরাম।ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইংল্যান্ড সফরের ব্যর্থতা নিয়ে যদি তদন্ত করে, সেটি নিরপেক্ষ তদন্তই হওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘বুঝতে পারছি, টেস্টের এই অপমানের কারণ অনুসন্ধানে বিসিসিআই তদন্ত করবে। এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমি এও আশা করি, একটা একতরফা তদন্ত হবে না।’ ইংল্যান্ড সফরের এই শিক্ষা কাজে লাগিয়ে এক নম্বরের মুকুটটি পুনরুদ্ধারের পরামর্শও দিয়েছেন, ‘আমি নিশ্চিত, ইংল্যান্ড সফরের শিক্ষা কাজে লাগাবে ভারত। এক নম্বর জায়গাটি পুনরুদ্ধার করতে চাইলে আত্মনুসন্ধান করা উচিত। সবচেয়ে বড় কথা, ভারত এক নম্বরে থাকলে সেটি টেস্ট ক্রিকেটের জন্যই মঙ্গলজনক।’ভারত এক নম্বর জায়গাটি ফিরে পাবে কি না, সেটি পরের প্রশ্ন। তবে আকরাম মনে করেন, এর চেয়েও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। সেটি হলো শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এমনকি বীরেন্দর শেবাগ চলে গেলে সেই শূন্যস্থান পূরণ করা। এই শূন্যতা পূরণ করার যোগ্যতা রায়না-কোহলি-রোহিত শর্মাদের আছে কি না, এ ব্যাপারে নিশ্চিত নন আকরাম। ওয়েবসাইট।